মিশরের গণভোটে ‘কারচুপির’ অভিযোগ
মিশরে বিতর্কিত খসড়া সংবিধান প্রশ্নে শনিবার অনুষ্ঠিত গণভোটে ‘কারচুপির’ অভিযোগ তুলে তদন্ত দাবি করেছে দেশটির প্রধান বিরোধী জোট ‘দ্য ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট’।
প্রাথমিকভাবে গণভোটের অনানুষ্ঠানিক ফলে ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে বলেই আভাস পাওয়া গেছে। প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ইসলামপন্থিরা সংবিধানের পক্ষে ৬৪ শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেছে।
বিরোধীপক্ষেরও এক কর্মকর্তা শনিবারের গণভোটের পর প্রাথমিক ভোট গণনায় হ্যাঁ ভোট জয়ী হওয়ার কথা জানান।তবে স্যালভেশন ফ্রন্টের মুখপাত্র দুই পর্বের গণভোটেই ব্যাপক কারচুপি এবং অনিয়মের অভিযোগ করেছেন।
নির্বাচন কমিশনকে ভোটে এ ‘অনিয়ম’ তদন্তের আহ্বান জানিয়েছে স্যালভেশন ফ্রন্ট। সোমবার আনুষ্ঠানিকভাবে গণভোটের ফল ঘোষণা করা হবে।
তার আগেই ভোটে পরাজয়ের ব্যাপারে প্রতিক্রিয়া প্রকাশ করে স্যালভেশন ফ্রনট বলেছে, ইসলামপন্থিদের চ্যালেঞ্জ জানাতে তারা একক রাজনৈতিক দল গঠনের পথে এগুচ্ছে।
জোটের মুখপাত্র খালেদ দাউদ বলেছেন, “গণেভোটই পথের শেষ ঠিকানা নয়।এটা মিশরের ভবিষ্যতের জন্য এক দীর্র্ঘ সংগ্রামের সূচনা মাত্র।”
প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মতে, এ সংবিধান গণতন্ত্রের রক্ষাকবচ হিসাবে কাজ করবে।
অন্যদিকে, বিরোধীদের দাবি, সংবিধানটি ইসলামপন্থি এবং গণভোট দেশে বিভক্তিকে আরো তীব্র করেছে।
‘ন্যাশনাল সালভেশন ফ্রন্ট’ রোববার জানিয়েছে, ‘জালিয়াতি এবং অনিয়মে’ ভোট পণ্ড হয়েছে।
বহু জায়গাতেই ভোটকেন্দ্র দেরিতে খোলা হয়েছে এবং ইসলামপন্থিদের প্রচারে ভোটারদের প্ররোচিত করার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছে বিরোধীরা।
এছাড়া ভোট প্রক্রিয়ায় যথেষ্ট আইনি তদারকি ছিল না এবং অনেক বিচারক এ ভোট বয়কট করেছে বলেও অভিযোগ করেছে তারা।
মুরসির মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক সংগঠন ‘ফ্রিডম এন্ড জাস্টিস’ পার্টি জানিয়েছে, ‘হ্যাঁ’ ভোট দেশে বিভেদ দূর করাসহ স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে।
অন্যদিকে বিরোধীরা বলছে, এ খসড়া সংবিধান স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় সহায়ক নয়, যেজন্য গত বছর গণঅভ্যুত্থানে হোসনি মুবারকের পতন ঘটেছিল।
সংবিধানটি পাস হয়ে গেলে তিন মাসের মধ্যে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তখন আইন পরিষদের ক্ষমতা মুরসির হাতেই থাকবে।
