২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে শ্রমিক আহত

সাভার ও আশুলিয়ায় তিনটি পোশাক কারখানায় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2012, 10:28 AM

Updated : 24 Aug 2022, 12:40 PM

সাভার ও আশুলিয়ায় তিনটি পোশাক কারখানায় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে।

রোববার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডের রানা প্লাজার ষষ্ঠ তলায় অবস্থিত ইথার টেক্স লিমিটেড, সপ্তম তলার নিউ এইচ বাটন টেক্স লিমিটেড ও আশুলিয়ার নরসিংহপুর এলাকার অনন্ত নিট ওয়্যার লিমিটেড কারখানায় এ আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ইথার টেক্স ও ফ্যান্টম কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

গত ২৪ নভেম্বর আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে আগুন লেগে শতাধিক শ্রমিক নিহত হওয়ার পর থেকেই সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আগুন আতঙ্কে ভুগছে শ্রমিকরা। গত এক মাসে আগুন আতঙ্কে হুড়োহুড়ির বেশ কয়েকটি ঘটনা ঘটে।

শিল্প পুলিশের সাভার জোনের পরিদর্শক আব্দুল বাতেন খান জানান, সকাল ১০টার দিকে ইথার টেক্সের কোয়ালিটি সেকশনের টিউব লাইটের একটি ব্লাস্টে শর্টসাকির্ট হয়ে আগুন লাগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, এরপর ফায়ার অ্যালার্ম বেজে উঠলে ওই কারখানাসহ ফ্যান্টম ও নিউ এইচ কারখানার প্রায় তিন হাজার শ্রমিক হুড়োহুড়ি করে নিচে নেমে আসে।

“এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে “

ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই কারখানা কর্তৃপক্ষ নিজ¯^ ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলে।

তিনি আরও জানান, শ্রমিকরা পুনরায় কাজে যোগদানের প্রায় এক ঘন্টা পর আবারও সপ্তম তলায় নিউ এইচ বাটন টেক্স লিমিটেড কারখানায় একই ভাবে আগুনের সূত্রপাত হয়।

তখনও হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কিছু শ্রমিক আহত হন।

শ্রমিকরা কারখানায় আর প্রবেশ না করায় দু’টি কারখানায় ছুটি ঘোষণা
করে কর্তৃপক্ষ।

“কারখানার কোন শ্রমিক আতঙ্ক সৃষ্টির জন্য এ ঘটনা ঘটাচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

সাভার ফায়ার সাভির্সের স্টেশনের অফিসার খান খলিলুর রহমান বলেন,“ প্রথম দফায় আগুনের খবর পেয়ে আমরা ছুটে যাই তেমন কিছু না হওয়ায় ফিরে আসি।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তবে দ্বিতীয়বার আগুন লাগার খবর পেয়ে খোঁজ নিয়ে জানতে পারি আতঙ্ক তাই আর যাইনি।”

কারখানার তিনটির মহা-ব্যবস্থাপক কামরুজ্জামান জানান, আতঙ্ক সৃষ্টির জন্য কেউ এ ঘটনা ঘটাতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

“তবে ঘটনার সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে বেশ কিছু শ্রমিক আহত হয়েছে।”

এছাড়া, শিল্প পুলিশের উপ-পরিচালক আলী আহম্মেদ খান জানান, সকাল ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অনন্ত নিট ওয়্যার লিমিটেড কারখানায় ধোঁয়া বেরুতে দেখে শ্রমিকরা আতঙ্কে কারখানা থেকে বেরিয়ে যায়।

“তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন শ্রমিক আহত হয়েছে।”

কর্তৃপক্ষ ধোঁয়া বের হওয়ার কারণ খুজে পায়নি। পরে শ্রমিকরা আবার কাজে যোগদান করে।