সাংবাদিকদের ক্লাস নিতে চান অর্থমন্ত্রী
অর্থনীতির খবর প্রকাশের ক্ষেত্রে বাংলাদেশের গণমাধ্যমের সমালোচনা করে এ বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ দেয়ার আগ্রহ প্রকাশে করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মন্ত্রীর অভিযোগ, সরকার যখন সাফল্যের কথা বলে, দেশের গণমাধ্যম তাতে গুরুত্ব দেয় না। অথচ একই তথ্য যখন বিদেশি পত্রিকায় আসে, দেশের গণমাধ্যমে তা ফলাও প্রচার পায়।
যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ানে বাংলাদেশসহ কয়েকটি দেশের অর্থনৈতিক সম্ভবনা নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রোববার তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের চরিত্রটাই এমন, যখন ইকোনমিস্ট বলে, যখন ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল বলে, যখন গার্ডিয়ান বলে তখন আমরা খুব উচ্ছ্বসিত হয়ে যাই। আর আমরা (সরকার) যখন বলি, তখন এটা ঠিক নয়, এটা খারাপ।”
গার্ডিয়ানের ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অর্থনীতি ২০৫০ সাল নাগাদ পশ্চিমা দেশগুলোকেও ছাড়িয়ে যাবে।
দেশের অর্থনৈতিক অবস্থা এবং সরকারের ভূমিকা নিয়ে একটি গবেষণা প্রতিষ্ঠানের বক্তব্যেরও সমালোচনা করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, “একটি প্রতিষ্ঠান হয়েছে... একটি থিঙ্ক ট্যাংক হয়েছে , জঘন্য ফাইন্ডিংস তার, তার মধ্যে কোনো স্কলার আছে কি না আমার সন্দেহ আছে।”
ওই প্রতিষ্ঠানের নাম উল্লেখ না করেই মন্ত্রী বলেন, “ইদানিং সব কাগজে তাদের কথা খুব বলে। তারা বলে, সরকালের গ্রোথ হবে না। এটা বলে, ওটা বলে- সব নেগেটিভ। আর নেগেটিভ হলেই...।”
অর্থনীতির বিষয়গুলো নিজে সাংবাদিকদের শেখানোরও আগ্রহ দেখান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুহিত।
উপস্থিত সাংবাদিকদের ইংরেজিতে তিনি বলেন, “হোয়াট আই অ্যাম গোয়িং টু ডু, আই টেল ইউ, হোয়েন আই অ্যাম কমপারেলটিভলি ফ্রি , আই উড লাইক টু টেক এ ট্রেনিং কোর্স অন ইকোনমিক রিপোর্টিং।”
২০১২ সাল কেমন গেল জানতে চাইলে মন্ত্রী জানান, জাতীয় সংসদে রাষ্ট্রপতি যে বক্তব্য দেবেন, তাতে এ বিষয়ে থাকবে। ওই বক্তব্য এখন তৈরি হচ্ছে। এ ছাড়াও সংসদে এ বিষয়ে একটি বিবৃতি দেয়া হবে।
তবে অর্থমন্ত্রী নিজে মনে করেন, দেশের অর্থনীতির জন্য এটি ছিল খুবই ভাল একটি বছর।
“এ বছর কোনো দুর্যোগ হয়নি। কয়েকটা দিন বাকি, খুব ভাল বছর গেছে।”
তবে খান সরওয়ার মুরশিদ, কবির চৌধুরীর মতো অনেক গুণি ব্যক্তিকেও এ বছর বাংলাদেশ হারিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে সচিবালয়ে আইসিএবি ও আইসিএমএবির সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।
