২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে গাড়িচাপায় নিহত ২ মোটরসাইকেল আরোহী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2012, 04:16 AM

Updated : 24 Aug 2022, 12:40 PM

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন। নিহতরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর গ্রামের মোছাব্বির মিয়ার ছেলে মোশারফ হোসেন বাবলু (২২) ও আলকাছ মিয়ার ছেলে সোহান আহমদ (২০)। তারা শ্রীমঙ্গল সরকারী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। দুর্ঘটনায় আহন হন তাদের বন্ধু ইসলাম উদ্দিন (২২)। শনিবার রাতে ঘন কুয়াশার মধ্যে মোটরসাইকেল চালনোর সময় পেছন থেকে কোনো দ্রুতগামী যানের ধাক্কায় তারা মারা যান বলে পুলিশ জানিয়েছে। শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল্লাহ নিহতদের পরিবারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাবলু, সোহান ও ইসলাম শনিবার রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে করে উপজেলা সদরের শেখ রাসেল জাতীয় উদ্যানে আয়োজিত বিজয় মেলার লটারির টিকিটের ড্র দেখতে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। শহরতলীর পাঁচ নম্বর পুল এলাকায় ঘন কুয়াশার মধ্যে পেছন দিকে থেকে একটি দ্রুতগামী যান তাদেরকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই বাবলু ও হাসপাতালে নেওয়ার পথে সোহান মারা যান। আহত ইসলাম উদ্দিনকে (২২) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিহত বাবলুর চাচাতো ভাই দেলোয়ার হোসেন মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার ইসলাম বিজয় মেলার লটারির টিকিট কিনেছিলেন। তিনি লটারির ড্র দেখতে বাবলু ও সোহানকে নিয়ে মেলায় যাচ্ছিলেন। তিনি জানান, দুর্ঘটনার পর পর বাবলুর মৃত্যু সংবাদ শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান প্রতিবেশী সাদ্দেক হোসেন (৪৫)।