২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ

এই মৃদু শৈত্যপ্রবাহ রাজশাহী অঞ্চল থেকে বিস্তৃত হতে পারে ফরিদপুর ও বরিশালেও। এমন আবহাওয়া চলতে পারে আরো দুয়েক দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2012, 03:29 AM

Updated : 24 Aug 2022, 12:40 PM

পৌষের শুরুতেই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা আবুল কালাম মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার ঈশ্বরদী, যশোর ও চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়। ফলে রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা কমে আসে।

এই শৈত্যপ্রবাহ ফরিদপুর ও বরিশালেও বিস্তৃত হতে পারে। এমন আবহাওয়া দুয়েকদিন অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দেন এই আবহাওয়া কর্মকর্তা।

ঈশ্বরদীতে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার অধিদপ্তরের পূর্বাভাসে আরো বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুকনো থাকবে। দেশের বিস্তীর্ণ অঞ্চলে রাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করবত পারে। সেইসঙ্গে নদী অববাহিকায় থাকবে ঘন কুয়াশা।

রাতে তাপমাত্রা কিছুটা কমে আসবে বলে জানান আবহাওয়াবিদ মল্লিক। ওই সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াস।

চলতি মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে বলা হয়, মাসের শেষ ভাগে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি বা দুটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

সেইসঙ্গে এ মাসে সাগরে একটি নিম্নচাপেরও আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাসে বলা হয়।