আগুন লাগার পর দুই কারখানায় ছুটি
শিল্প পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ মনে করে, কারখানার কোনো শ্রমিকই পরিকল্পিতভাবে এ আগুন লাগিয়েছে।
সাভার, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগুন লাগার পর সাভারের আশুলিয়ায় দুটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন শ্রমিক।
শনিবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ গ্রুপের ‘নিউ এইজ অ্যাপারেলস লিমিটেড’ ও ‘এইজ ওভেন লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে।
তবে শিল্প পুলিশ ও কর্তৃপক্ষের দাবি, কারখানার কোনো শ্রমিকই আগুন লাগিয়েছে। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও কর্মকর্তারা জানান।
শিল্প পুলিশের উপ-পরিচালক আলী আহম্মেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে নিউ এইজ গ্রুপের নিউ এইজ অ্যাপারেলস লিমিটেড কারখানার দ্বিতীয় তলায় আগুন লাগে। এতে বেশ কিছু মালামাল পুড়ে যায়।
তিনি বলেন, “কারখানার কোনো মেশিন তখন চালু ছিল না। তাই শর্ট সার্কিট থেকে আগুন ধরার প্রশ্ন ওঠে না।”
নিউ এইজ গ্রুপে আগুনের ঘটনাটি ‘নাশকতা ও পরিকল্পিত’ মন্তব্য করে আলী আহম্মেদ বলেন, গত বৃহস্পতিবার সকালেও ওই কারখানায় আগুন আতঙ্কে শ্রমিকরা বেরিয়ে চলে যায়।
“এ নাশকতার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে”, বলেন তিনি।
নিউ এইজ গ্রুপের আসলাম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল পৌনে ৮টার মধ্যে কারখানারসব শ্রমিক যথারীতি কারখানায় প্রবেশ করে কাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় দ্বিতীয় তলায় আগুন ধরে।
“আতঙ্কে কারখানার সব শ্রমিকরা বেরিয়ে চলে যায়। পরে কারখানার কর্মকর্তারা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলেন। আগুনে বেশ কিছু গেঞ্জি পুড়ে গেছে,” বলেন তিনি।
আসলাম আলীও মনে করেন, কারখানার কোনো শ্রমিকই এ ঘটনা ঘটিয়েছে।
২৪ নভেম্বর আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে আগুন লেগে ১১১ জন শ্রমিক নিহত হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আগুন আতঙ্কে ভুগছে।
