পতাকা হাতে সরব সিপিবি-বাসদ কর্মীরা
হরতালের সমর্থনে ভোর থেকেই দলীয় ও জাতীয় পতাকা নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে সরব থেকেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কর্মীরা।
হরতালের সমর্থনে ভোর থেকেই দলীয় ও জাতীয় পতাকা নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে সরব থেকেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কর্মীরা।
জামায়াতে ইসলামীসহ সব ‘সাম্প্রদায়িক রাজনৈতিক দল’ নিষিদ্ধ করা এবং যুদ্ধাপরাধের বিচার দ্রুত শেষ করাসহ কয়েকটি দাবিতে সিপিবি ও বাসদ মঙ্গলবার সকাল-সন্ধ্যার এই হরতালে কর্মীদের ভোর থেকেই দলীয় ও জাতীয় পতাকা নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল করতে দেখা যায়।
হরতাল সমর্থকদের মতে, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে দেশের জনগণকে একত্রিত করতেই এ উদ্যোগ।
পল্টন এলাকায় সিপিবি সদস্য মন্টি বলেন, “এ পতাকা বিজয়ের প্রতীক। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জাতীয় পতাকা হাতে হরতাল পালন করতে এসেছি। এটি স্বাধীনতার বিপক্ষ শক্তির বিরুদ্ধে পথ চলতে সাহস জোগায়।”
“একদিন এ পতাকার জন্যই জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো, এখন এ পতাকা হাতেই যুদ্ধাপরাধীদেরও বিচার করবে।”
প্রগতিশীল ছাত্রজোট কর্মীরা শাহবাগ মোড়ে পতাকা হাতে অবস্থান নিয়ে প্রতিবাদী গান, সমাবেশ ও খণ্ড মিছিল করে।
এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ হল শাখার দফতর সম্পাদক নয়ন দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের স্বাধীনতার প্রতীক এই জাতীয় পতাকা। তাই এই পতাকা হাতেই স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আমরা হরতাল করছি। এখন এ পতাকা হাতেই স্বাধীনতা বিরোধী শক্তির বিচারের দাবিতে দেশবাসীকে এক করতে হবে।”
হরতালে বিভিন্ন স্থানে বাম দলগুলোর কর্মীদের বড় বড় জাতীয় পতাকা হাতে নিজেদের দাবিগুলোর বিষয়ে জনগণকে বোঝাতে দেখা যায়।
পল্টন এলাকায় লিফলেট হাতে হরতাল সমর্থক বিপ্লবী নারী সংহতির সদস্য নাসরিন আক্তার বলেন, “জনগনের দাবিতেই হরতাল পালিত হচ্ছে। জনগনকে জ্বালাও পোড়াও এর রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আনতে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করা হচ্ছে।”
হরতালে ফার্মগেট এলাকার পথচারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাহিদুজ্জামান সেন্টু বলেন, “দেশের প্রচলিত জ্বালাও পোড়াও গাড়ি ভাংচুরের সংস্কৃতি হতে বেরিয়ে এসে হরতাল সমর্থরা লিফলেটে তাদের দাবিগুলো জনগনের কাছে তুলে ধরছেন। এটি ভালো লেগেছে।”
