২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মাদুর্নীতি: অবশেষে মামলা করছে দুদক

কার কার বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হচ্ছে- সে বিষয়ে কিছু বলতে রাজি হননি দুদকের প্রধান কৌঁসুলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2012, 08:08 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

পদ্মাসেতুতে দুর্নীতির অভিযোগ নিয়ে দীর্ঘ  টানাপড়েনের পর সোমবারই মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কৌঁসুলি আনিসুল হক সোমবার সাংবাদিকদের বলেন, দুপুরে দুদকের পক্ষ থেকে এই মামলা করা হবে।     

তবে এতে কার কার বিরুদ্ধে কী কী অভিযোগ থাকবে সে বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।

আনিসুল হক বলেন, “আপনাদের পরে বিস্তারিত জানানো হবে।” 

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত কর্মকর্তারা বেলা ২টার পর রাজধানীর বনানী থানায় মামলা দায়ের করবেন। পরে বিকালে দুদক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করা যাবে।

বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষকদের ঢাকায় অবস্থানের মধ্যেই গত ৪ ডিসেম্বর দুদকের অনুসন্ধান প্যানেল কমিশনে প্রতিবেদন জমা দেয়। পদ্মা সেতু প্রকল্পে ‘ঘুষ’ লেনদেনের ‘ষড়যন্ত্রের’ জন্য বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয় ওই প্রতিবেদনে।

কাদের বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে- তাদের নাম প্রকাশে অস্বীকৃতি জানালেও কমিশন চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের বলেন, ওই সংখ্যা ১০ এর কম।