২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার নাসিম মামা

যা হয়েছে, হয়তো ভালোই হয়েছে। আমার মামা সারাদিন বইপত্র, নথি নাড়া চাড়া করতেন। সাক্ষী সাবুদদের জেরার রেকর্ড ঘাটতেন। প্রতিটি প্রসিডিংস এর চুলচেরা বিশ্লেষণ করতেন। ট্রায়ালের শুরু থেকে প্রতিদিনের ঘটনার রেকর্ড ছিল তার নখ দর্পণে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মোস্তফা শিবলী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2012, 05:41 PM

Updated : 24 Aug 2022, 12:39 PM

যা হয়েছে, হয়তো ভালোই হয়েছে। আমার মামা সারাদিন বইপত্র, নথি নাড়া চাড়া করতেন। সাক্ষী সাবুদদের জেরার রেকর্ড ঘাটতেন। প্রতিটি প্রসিডিংস এর চুলচেরা বিশ্লেষণ করতেন। ট্রায়ালের শুরু থেকে প্রতিদিনের ঘটনার রেকর্ড ছিল তার নখ দর্পণে।

চাইতেন যেন বিশ্বমানের ট্রায়াল হয়। যেন খুব ফেয়ার ট্রায়াল হয়। দেশের হাজার-লক্ষ কোটি মানুষের প্রাণের দাবী ছিল যেন যুদ্ধপরাধীদের খুব দ্রুত বিচার হয়। কিন্তু মামা প্রসেসের ব্যাপারে ছিলেন সিরিয়াস। নিয়ম ভেঙ্গে কোন কিছু করতে চান নি। আর আসামীদের ব্যাপারে ”ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি”- এই এথিক্স-এ বিশ্বাসী ছিলেন। যত বার যত আসামীকে তার এজলাসে আনা হয়েছে, তাদের প্রত্যেকের প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা দিয়েছেন। ভালো ব্যবহার করেছেন। বিধি ভেঙ্গে তারা কথা বলতে চাইলে অন্যরা বাধা দিলেও উনি সুযোগ করে দিয়েছেন। আসামী পক্ষের জুনিয়র উকিলদের দিনের পর দিন অসৌজন্যমূলক আচরণ সহ্য করেছেন। পরে তারাই সিনিয়রদের নিয়ে এসে মাফ চেয়েছেন তাঁর কাছে। সাঈদী, সাকারা শুরুতে তাঁর ব্যাপারে আপত্তি জানালেও পরবর্তীতে উষ্ণ ও মিষ্টি ব্যবহারের জন্য তাঁর পৌরহিত্য মেনে নিয়েছিলেন। সাম্প্রতিক এক প্রসিডিং এ মামা কাঠগড়ায় দাঁড়ানো সদা উত্তেজিত সাকাকে জিজ্ঞেস করেছিলেন- আপনি কি আমাদের ট্রায়ালের এ যাবৎ কর্মকাণ্ডে সন্তুষ্ট? সাকা চিৎকার করে হাত তুলে বলেছিলেন ১০০% সন্তুষ্ট!

মামা আমার সহজ সরল এবং কিঞ্চিত রাগী। জীবনে কোনদিন কোন অন্যায় করতে দেখিনি তাকে। আর্থিক, নৈতিক, আইনগত বিষয়ে তিনি সীমাহীন সৎ। ইডিয়োলজিকালি যারা তার ১০০% অপোজিট, সেই জামাত- বিএনপি’র ঘাগু আইনজীবিদেরও দেখেছি তার সততার প্রশ্নে তারা চুপ মেরে যান, মাথা নীচু করে ফেলেন। আমার প্রয়াত মা তার এই ছোট ভাইটিকে ডাকতেন মিঃ নো। যে কোন নৈতিকতার বিষয়ে আপোষহীন; সামান্যতম এদিক ওদিক দেখলেই যিনি ’নো’ বলে গর্জন করে উঠতেন। আর সবাই যখন ২-১% এদিক ওদিক মেনে নেয়, নাসিম মামা ঘাড় ত্যাড়া করে থাকেন। কোন রকম ডেভিয়েশন মেনে নেন না। স্বাধীনতার পর ছাত্রনেতারা যখন গা ভাসিয়ে দিল, তখন হাতে গোনা কিছু ছেলে সরকারের নানা কর্মকাণ্ডের বিরোধিতা শুরু করে ছিল। তাদের মধ্যে একজন আমার নাসিম মামা।

এস.এম হলে ডাকসু নির্বাচনে তৎকালীন সরকার সমর্থক ছাত্র লীগের শক্তির বিরুদ্ধে ব্রিলিয়ান্ট ছাত্রটি নির্বাচন করে জি.এস. পদে জয়ী হয়েছিল। এরপর যখন শুরু হয়ে গেল ক্যাম্পাসে অস্ত্রের ঝনঝনানি, দু’পক্ষের নেতাদের রক্তপাত, জেল জুলুম, ফলোড বাই সামরিক শাসন তখন নাসিম মামা পড়াশুনা শেষ করে সরকারী চাকুরীতে না গিয়ে যোগ দিলেন আইনকর্মী হিসেবে আদালতে। বাঘা বাঘা সিনিয়র উকিলদের অধীন শুরু করলেন নতুন সংগ্রাম; আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রাম। পরবর্তী দীর্ঘ ২৫/৩০ বছর সুপ্রীম কোর্টে রাগী, প্রতিবাদী মানবাধিকার আইনজীবী হিসেবে নিরলস কাজ করে গেছেন। বছরের পর বছর কারাগারে আটক রাজবন্দীদের মুক্তির জন্য হেবিয়াস কার্পাস করতেন ডঃ কামাল হোসেন কিংবা এ্যাডভোকেট আমিনুল হকদের সাথে বিনা পয়সায়। সামান্য ফী নিয়ে লড়াই করতেন বিনা বিচারে আটক সংগ্রামী রাজনৈতিক কর্মী, আদিবাসী পাহাড়ীদের মুক্তির জন্য। অনেক সতীর্থ আইনজীবীর ততোদিনে বাড়ী-গাড়ী হয়ে গেছে। মামা বৈষয়িক দিকটা গোছাবার চেষ্টাও করেননি। মামার বন্ধুরা বলতেন, উনি খুব ব্রিলিয়ান্ট এবং অনেস্ট। সব জাজরা ওনাকে পছন্দ করেন। উনি যে কোন সময় হাইকোর্টের জাস্টিস হয়ে যাবেন।

চিফ জাস্টিসের তালিকায় কয়েকবার নাম থাকলেও প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে আটকে যেত। বিএনপির আমলে বলতো উনি মুক্তিযুদ্ধের পক্ষের লোক। অতএব আওয়ামী ঘেঁষা। নেয়া যাবে না। আর আওয়ামী নেতারা তাদের আমলে বলতো, উনি তো জাসদ করতেন ছাত্র জীবনে। বিচারপতি হলে কারো কথা শুনবে না। অতএব, নিয়ে লাভ কী? এভাবে কয়েক বছর বাদ পড়তে পড়তে ২০০১ এ গিয়ে অস্থায়ী বিচারপতি হলেন। দু বছর পরে বিএনপি এসে তাঁকে সহ ১০ জনকে চীফ জাস্টিস এর সুপারিশ থাকা সত্ত্বেও স্থায়ী না করে বাদ দিলেন। নাসিম মামারা দীর্ঘ আইনী লড়াইয়ের মাধ্যমে বিএনপি সরকারের এই সিন্ধান্তকে বেআইনী প্রমাণ করে আবার হাইকোর্টে স্থায়ী বিচারপতি হিসেবে ফিরে এলেন ২০০৯ এর শুরুতে।

পরবর্তী মাত্র এক বছর ছিলেন হাইকোর্টে । এ সময় হাইকোর্টের যে কোন আইনজীবীর কাছে মামার নাম করলেই বলতেন ওনার মত সৎ, ভালো জাস্টিস খুব কম। উনি সবার খুব প্রিয়। কুইক এন্ড জাস্ট ডিসপোজাল এর ক্ষেত্রে ওনার জুড়ি মেলা ভার। এক বছর পরেই ট্রাইবুন্যাল গঠিত হলে নাসিম মামাকে চেয়ারম্যান করা হল। আমি খুব উল্লসিত হলাম। যুদ্ধাপরাধী ট্রাইবুন্যালে এমন লোকই দরকার যার স্পিরিট থাকবে বিচার করার কিন্তু পদ্ধতি বা প্রসেসে যিনি উঁচুমান বজায় রাখতে পারবেন। ট্রাইবুন্যাল গঠনের পর তার প্রথম এবং শেষ একমাত্র কমেন্টে বলেছিলেন; যুদ্ধাপরাধীদের বিচার করার সময়ে আমার চোখের সামনে থাকবে আদালতে উত্থাপিত ফ্যাক্টস ও এভিডেন্স। এরকম এক ব্যক্তিকে বিচারকের জায়গায় বসানোয় দেশে সবাই খুশি হয়েছিলেন। যখন জামায়াতীরা তার মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়ে বার বার প্রশ্ন তুলেছিল তখন কোন এক আইনজীবী মিডিয়াতে বলেছিলেন, জামায়াত, বিএনপি কী চায়? তারা কি ট্রাইবুন্যালে একজন রাজাকারকে বসালে খুশী হবে?

বিশ্বমানের ট্রায়াল চাইতে গিয়ে, ইন্টারনেটে ডঃ জিয়ার সাথে বিচারের নানা বিষয়ে আলোচনা করেছেন। কিন্তু কোথাও কি একবারও বলেছেন, রায় কী হবে? একবারও কি তিনি রায় নিয়ে আলোচনা করেছেন? করেন নি। ওনারা দুজনেই রায়ের আকার, আকৃতি, উপস্থাপনা ও বিভিন্ন রেফারেন্স নিয়ে আলোচনা করেছেন। কিভাবে রায়কে আন্তজার্তিক মানের করে তৈরি করা যায়। যেন বিশ্বের সবার চোখে বাংলাদেশ প্রমাণ করতে পারে যে ১৯৭১ এ সংঘটিত অপরাধের বিচার করার ক্ষমতা, অধিকার ও যোগ্যতা বাংলাদেশেরই আছে। আমাদের দেশে সংঘটিত অপরাধে বিচার করার জন্য আমরাই যথেষ্ট! আমাদেরকে জাতিসংঘ, আমেরিকা, ভারত বা সৌদি আরবের কাছে যেতে হবে না। আমরা আমাদের আইনে আমাদের দেশী বিচারক দিয়েই সম্পন্ন করতে পারবো। যারা তার পূর্ণাঙ্গ কথোপকথন পড়েছেন, তারা প্রত্যেকে স্বীকার করেছেন, কোথাও কোন অসৎ উদ্দেশ্য চোখে পড়ে নাই। কোথাও তিনি রায় কী হবে তা নিয়ে আলোচনা করেন নাই। তারপরও মানুষ না পড়েই তার সমালোচনা করে। না পড়েই বলে ওঠে তিনি অন্যায় করেছেন, আইন ভেঙ্গেছেন। তার একান্ত ব্যক্তিগত আলাপচারিতার মধ্যে অনুপ্রবেশ করে তার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করার জন্য এবং তা ছাপানোর জন্য আমার দেশকে যারা ধিক্কার দিলো না; তাদেরকে কেবল ২টি কথা বলতে চাই:

১. আমার মামা আপাদমস্তক সৎ এবং ট্রাইবুন্যালে থাকাকালীন তিনি পক্ষপাতদুষ্ট হয়ে, কারো চাপের কাছে নতি স্বীকার করে কোন ধরণের নৈতিক বা আইনগত অন্যায় করেন নাই।

২. যারা তার এই একান্ত ব্যক্তিগত আলাপচারিতা আড়ি পেতে রেকর্ড করেছেন এবং অন্যায় কিছু করেন নাই জেনেও তার ক্ষতি করার জন্য তা ছেপেছেন তারা প্রকৃতপক্ষে যুদ্ধাপরাধের বিচার চান না, ছলে বলে কৌশলে এর বিলম্ব করতে চান এবং কারো প্রাইভেসিতে হস্তক্ষেপে সমর্থন দিয়ে তারা দেশে নতুন এক নোংরামীকে প্রশ্রয় দিলেন যার ছোবল এক দিন তাদের গায়েও লাগতে পারে।

রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় ১০০ বছর আগের সতর্ক বানী তাদের জন্য তুলে দিলাম; হে মোর দূর্ভাগা দেশ/ যাদের করেছ তুমি অপমান/ অপমানে হতে হবে তাহাদের সবার সমান।