২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিআরটিসি বাসে আগুন

হরতালের সমর্থনে বের করা মিছিল থেকে গাজীপুর শহরে একটি বিআরটিসি বাসে আগুন দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 07:00 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

গাজীপুর, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- হরতালের সমর্থনে বের করা মিছিল থেকে গাজীপুর শহরে একটি বিআরটিসি বাসে আগুন দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় শহরের শিববাড়ী এলাকায় দাঁড়ানো দ্বিতল বাসটিতে আগুন দেয়া হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন প্রধান আবু জাফর আহমেদ এলাকাবাসীর বরাত দিয়ে জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে শিববাড়ী এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। এ সময় সেখানে দাঁড়ানো বিআরটিসির দ্বিতল বাসটিকে আগুন দেয়া হয়। খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটির ইঞ্জিন ছাড়া বাকি সবকিছুই পুড়ে গেছে বলে জানান আবু জাফর। এ ঘটনায় জড়িত সন্দেহে রাত সাড়ে ৮টার দিকে জুয়েল (২৮) ও কবীর (৩০) নামের দুই যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান। তিনি জানান, এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৫০ ঘ.