চুয়াডাঙ্গা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার জীবননগরে সোমবার রাতে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে ও বোমা মেরে হত্যা করেছে সন্ত্রাসীরা।
রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উথলী গ্রামের রাঙ্গিয়ারপোতা মাঠের মধ্যে চিকিৎসক আব্দুর রহিমকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
রহিম (৪৫) উপজেলার রথিরামপুর গ্রামের বাসিন্দা।
জীবননগর থানার ওসি শাহজাহান আলী খান সাংবাদিকদের জানান, রহিম রাতে মোটরসাইকেলে করে উথলী থেকে গ্রামে ফিরছিলেন। রাঙ্গিয়ারপোতা মাঠের কাছে একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে।
পরে তাকে ধরে নিয়ে মাঠের মধ্যে কুপিয়ে ফেলে রেখে যায়। রাত সাড়ে ৯টায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রহিমকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩৪১ ঘ.
bdnews24