নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে এক ‘ডাকাতের’ মৃত্যু হয়েছে।
রোববার গভীর রাতে উপজেলার গন্ধর্বপুর বোচারবাগ বিল এলাকায় এই ঘটনা ঘটে।
এলাকাবাসীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি মাঈনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত দেড়টার দিকে এলাকার মুদি ব্যবসায়ী মহিউদ্দিনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।
এ সময় ঘর থেকে নগদ অর্থসহ মালামাল লুটের চেষ্টার সময় বাধা দিলে ডাকাতরা গৃহকর্তার ছেলে আমিনুল হককে (৩০) কুপিয়ে জখম করে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে এক ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত (৫০) ওই ডাকাতের মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩৩০ ঘ.
bdnews24