ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রিসভার বেঠকে সোমবার একটি অভিনন্দন এবং একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অভিনন্দন এবং শিক্ষাবিদ খান সারওয়ার মুরশিদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইয়া সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে মন্ত্রিসভায় অভিনন্দন প্রস্তাব উপস্থাপন করা হয়। এতে ক্রিকেট দল, কোচ ও কোচিং স্টাফ এবং বোর্ডসহ অন্য কর্মকর্তাদের ধন্যবাদ জানানো হয়।
বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর ক্রিকেটের উন্নয়নে যেসব পদক্ষেপ নিয়েছে, এজন্যই ক্রীড়া ক্ষেত্রে এ অর্জন সম্ভব হয়েছে বলে এতে বলা হয়।
শিক্ষাবিদ খান সারওয়ার মুরশিদের মৃত্যুতে উত্থাপিত শোক প্রস্তাবে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
এতে বলা হয়, ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেয়া এই শিক্ষাবিদ বঙ্গবন্ধুর ছয়দফার প্রস্তাব উপস্থাপনের ক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক সহায়তা দিয়েছিলেন। আগরতলা ষড়যন্ত্র মামলায় অব্যাহতি পাওয়ার পর ইয়াহিয়া খানের সঙ্গে বঙ্গবন্ধুর যে গোলটেবিল বৈঠক হয়, তাতেও তিনি বঙ্গবন্ধুর সহযোগী হিসেবে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২২১৫ ঘ.
bdnews24