কে এম রায়হান কবীর
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
শরিয়তপুর, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবরোধ চলাকালে ঢাকার ভিক্টোরিয়া পার্কের কাছে অবরোধকারী ও বিরোধীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে পড়ে পিটুনি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত বিশ্বজিৎ দাসের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
সোমবার শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর দাস পাড়া গ্রামে বিশ্বজিতের বাড়িতে চলছিল শোকের মাতম। এর আগে রোববার রাতে পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
ছেলের জন্য বিলাপ করতে করতে বার বার মূর্ছা যাচ্ছেন কল্পনা রানী ঘোষ। নির্বাক বসে আছেন বিশ্বজিতের বাবা অনন্ত দাস।
অনন্তের তিন সন্তানের মধ্যে বিশ্বজিৎ দ্বিতীয়। ছোট বোন চন্দনা ও বড় ভাই উত্তম কুমারের বিয়ে হয়েছে। বিশ্বজিতের বিয়ে হয়নি।
বড় ভাই উত্তমের সঙ্গে ছয় বছর ধরে ঢাকায় বসবাস করতেন তিনি। করতেন দর্জির কাজ। ঢাকার লক্ষ্মীবাজার ঋষিকেশ দাস লেনে থাকতেন তিনি। শাঁখারিবাজারে নিউ আমন্ত্রণ টেইলার্সটি তাদের।
বিশ্বজিতের কাকা গোবিন্দ দাস বলেন, “আমার ভাতিজা নির্দোষ। বড় ভাইয়ের সঙ্গে টেইলার্সের ব্যবসা করত।”
নিহতের ছোট বোন চন্দনা বলেন, “আমার ভাই কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না। তবে নৌকায় ভোট দিতেন।”
“ভাইকে যারা নৃশংস ভাবে হত্যা করেছে তাদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
তবে এখনও মামলা করার কথা ভাবেনি নিহত বিশ্বজিতের পরিবারের সদস্যরা।
বিডিনিউজ টোয়েন্টিএফার ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৪৭ ঘ.
bdnews24