২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালাফ হত্যা: নিজেদের নির্দোষ দাবি ৪ আসামির

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় আগামী বৃহস্পতিবার যুক্তিতর্কের শুনানির দিন রেখেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 08:18 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় আগামী বৃহস্পতিবার যুক্তিতর্কের শুনানির দিন রেখেছে আদালত। সোমবার চার আসামির আত্মপক্ষ সমর্থনের পর ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোতাহার হোসেন এই তারিখ ধার্য করেন। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে আসামি সাইফুল ইসলাম, আল আমীন, আকবর আলী লালু ওরফে রনি ও রফিকুল ইসলাম খোকনকে সকালে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। আসামিরা আদালতের কাছে নিজেদের নির্দোষ দাবি করেন এবং তাদের পক্ষে কোনো সাফাই সাক্ষী নেই বলে জানান। এ মামলায় অভিযুক্তদের মধ্যে সেলিম চৌধুরী নামে আরো একজন থাকলেও তিনি পলাতক রয়েছেন। গত বৃহস্পতিবার আসামিপক্ষের আইনজীবীরা এ মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী ও মামলার তদন্ত কর্মকর্তা ওবায়দুল হককে জেরা করেন। রাষ্ট্রপক্ষে এ মামলায় মোট ৩৩ জন সাক্ষ্য দিয়েছেন। গত ৫ মার্চ মধ্যরাতে গুলশানে নিজের বাসার কাছে গুলিবিদ্ধ হন দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী (৪৫)। পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ২৪ সেপ্টেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আদালতে পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ৩১ অক্টোবর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জেকে/১৪০৫ ঘ.