ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, শেখ হাসিনা সাবেক এই রাষ্ট্রপতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
একই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
হৃদরোগ ও কিডনি জটিলতায় দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার সকালে ব্যাংককের একটি হাসপাতালে মারা যান ইয়াজউদ্দিন আহম্মেদ। তার বয়স হয়েছিল ৮১ বছর।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ইয়াজউদ্দিন বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার আমলে রাষ্ট্রপতি পদে আসীন হন। বিএনপি ক্ষমতা ছাড়ার পর রাষ্ট্রপতির দায়িত্বের সঙ্গেই তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব তিনি নেন, যা রাজনৈতিক সংঘাতের সৃষ্টি করে বলে মনে করা হয়।
ওই সংঘাতের প্রেক্ষাপটে ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারি করেন ইয়াজউদ্দিন, যার জন্য তিনি সমালোচিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৩২৫ ঘ.
bdnews24