শেরপুর, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর শহরের একটি বাসা থেকে বিনামুল্যে বিতরণের প্রাথমিক বিদ্যালয়ের বই উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাতে শহরের নাগপাড়া এলাকা থেকে ৩০ বস্তায় রাখা প্রায় ১০ হাজার পাঠ্যবই জব্দ করা হয় বলে জানায় পুলিশ।
শেরপুর সদর থানার এসআই ফজলে এলাহি জানান, রোববার রাত ১১টার দিকে শহরের নাগপাড়া এলাকার আব্দুল হান্নানের বাসার উঠান থেকে এ বইগুলো উদ্ধার করা হয়।
“ভারত থেকে ছাপানো এ প্রাথমিক বিদ্যালয়ের নতুন বইগুলো বস্তার প্যাকেটে মোড়ানো ছিল।”
“জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড, ঢাকার এ বইগুলোর গায়ে ২০১২ শিক্ষা বর্ষের জন্য লেখা রয়েছে।”
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাসার মালিক পালিয়ে যায়।
বইগুলো গত শনিবার দুটি পিকআপে করে ওই বাসায় আনা হয় বলে জানায় পুলিশ।
এতো নতুন বই বিতরণ না করে প্যাকেটসহ কেন রেখে দেওয়া হয়েছে এবং বইগুলো কার মাধ্যমে কিভাবে ওই বাসায় আসে তা খতিয়ে দেখছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২১৮ ঘ.
bdnews24