সিলেট, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকীর ছেলে মেহরাব সিদ্দিকী সজীব খুন হয়েছেন।
রোববার রাত সাড়ে ৮টার দিকে নগরীর শিবগঞ্জ খরাদিপাড়ায় ছাত্রদলের এক কর্মীর সঙ্গে কথা কাটাকাটির জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
সজীব (২৫) পেশায় একজন প্রকৌশলী ছিলেন।
তার বড় ভাই ইমরান সিদ্দিকী সাংবাদিকদের জানান, সন্ধ্যায় শিবগঞ্জ খরাদিপাড়ার বাসার সামনে সাবেক ছাত্রদল নেতা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি শামসুজ্জামান (জামান) পক্ষের টিটনের সঙ্গে সজীবের কথা কাটাকাটি হয়।
“পরে ৫/৬টি মোটর সাইকেল নিয়ে ১০-১২ জন যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।”
আশঙ্কাজনক অবস্থায় সজীবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সজীব কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলেও জানান ইমরান সিদ্দিকী।
শাহপরাণ থানার ওসি লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাবেক ছাত্রদল নেতা জামান পক্ষের এক কর্মীর সঙ্গে কথা কাটাকাটির জেরে সজীব খুন হয়েছেন।
ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/২৩২৩ ঘ.
bdnews24