২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সহিংস রাজনীতির বলি হল বিশ্বজিত’

কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকলেও অবরোধে নিহত হয়েছেন পুরান ঢাকার দর্জির দোকানি বিশ্বজিত দাস। কামাল হোসেন তালুকদারের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 04:57 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকলেও অবরোধে নিহত হয়েছেন পুরান ঢাকার দর্জির দোকানি বিশ্বজিত দাস। রোববার সকাল ৯টায় পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের কাছে অবরোধকারী ও বিরোধীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে পিটুনি ও ছুরিকাঘাতে নিহত হন বিশ্বজিত। শাঁখারী বাজারে নিজের দোকানে যাওয়ার পথে হামলার শিকার হন তিনি। হামলাস্থল থেকে তার দোকান ছিল মাত্র ৫০ গজ দূরে। বিশ্বজিতের ভাবি শুক্লা দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্বজিত কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়, অবরোধ সম্পর্কেও তার কোনো ধারণা ছিল না। অথচ সে সহিংস রাজনীতির বলি হল।” শুক্লা জানান, বিশ্বজিত সাধারণত সকাল ১০টার আগে বাসা থেকে বের হত না। এক খরিদ্দারের ফোন পেয়ে সকাল ৮টায় তিনি লক্ষ্মীবাজারের হৃষিকেশ দাস লেনের বাসা থেকে বের হয়। ১০ বছর ধরে বড় ভাইয়ের সঙ্গে ঢাকায় থাকলেও বিশ্বজিত ঢাকার অন্য এলাকায় খুব একটা যেত না বলেও জানান তিনি। কোনো রাজনৈতিক দলের সঙ্গে বিশ্বজিত জড়িত ছিল কি না- জানতে চাইলে শুক্লা বলেন, “কখনো না।” ১২৩ শাঁখারিবাজারের ‘আমন্ত্রণ টেইলার্স’ চালাতেন বিশ্বজিত। তার আশপাশের দোকানদাররা জানান, বিশ্বজিত কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। আমন্ত্রণ টেইলার্সের উল্টো দিকের দোকান এবি ডিপার্টমেন্টাল স্টোরের কর্মচারী দীপঙ্কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত ১১টা পর্যন্ত বিশ্বজিত দোকানে ছিলেন। শ্যামল নামে পঞ্চাশোর্ধ্ব স্থানীয় এক ব্যক্তি বিশ্বজিত ও তার বড় ভাই উত্তম দাসকে দীর্ঘদিন ধরে চেনার কথা জানিয়ে বলেন, তারা রাজনীতি করে না। অথচ রাজনৈতিক কর্মসূচির মধ্যে পড়ে বিশ্বজিতের মৃত্যু হল। অবরোধের সমর্থনে সকালে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা জজ কোর্টের ভেতরে মিছিল শুরু করলে জগন্নাথ কলেজ ছাত্রলীগের কর্মীরা পাল্টা মিছিল নিয়ে ওই এলাকায় চক্কর দিতে থাকে। এক পর্যায়ে সেখানে ধাওয়া- পাল্টা ধাওয়া শুরু হয় এবং কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় ওই এলাকায় থাকা রিকশাচালক রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাতবোমা ফাটার কিছুক্ষণ পর ২০-২৫ জন যুবক একটি ভবনের নিচে এক যুবককে (বিশ্বজিত) ধরে রড দিয়ে পেটানো শুরু করে। তাকে পাশের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে ধরে এনেছিল তারা। পরে রিপন তার রিকশায় করে বিশ্বজিতকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পরপরই তার মৃত্যু হয়। সুরতহাল তৈরির সময় উপস্থিত সূত্রাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল ইসলাম বলেন, বিশ্বজিতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও পাওয়া গেছে। বিশ্বজিতকে কারা মেরেছিল- জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, “বিশ্বজিত গণপিটুনিতে নিহত হয়েছেন। তবে কারা তাকে পিটিয়েছে, তা বলতে পারছি না।” দুই ভাই এক বোনের মধ্যে বিশ্বজিত সবার ছোট ছিল। বাবা অনন্ত দাস শরীয়তপুরে একটি মিষ্টির দোকানের কর্মচারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/এমআই/২২৫২ ঘ.