২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে সমাবর্তনশিক্ষার্থীদের মানবসম্পদে পরিণত হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও তথ্য বিপ্লবের সুযোগ গ্রহণ করে শিক্ষার্থীদের যুগোপযোগী মানবসম্পদে পরিণত হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 03:19 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

রাজশাহী, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও তথ্য বিপ্লবের সুযোগ গ্রহণ করে শিক্ষার্থীদের যুগোপযোগী মানবসম্পদে পরিণত হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. জিল্লুর রহমানের মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি সমাবর্তনে যোগ দেন। নাহিদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে অর্থ যোগানের জন্য দেশের জনসাধারণের কাছ থেকে ৯৫ শতাংশ অর্থ সংগ্রহ করা হয়। তাদের আশার প্রতিফলন হিসেবে উচ্চ শিক্ষার্থীদের শিক্ষা, জ্ঞান, প্রযুক্তি, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত ও বাংলাদেশের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। সমাবর্তন বক্তা ছিলেন বরেণ্য শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বলেন, দেশের ছেলেমেয়েরা বাংলা-ইংরেজি শিখতে হিমশিম খেয়ে যায়। অথচ ফ্রান্স বা রাশিয়ায় গিয়ে এক বছরে সে দেশের ভাষা আয়ত্ত করে পিএইচডি থিসিসি লিখে ফেলে। ছাত্র রাজনীতির হানাহানিকে অপরাধ উল্লেখ করে তিনি বলেন, “ছাত্ররাজনীতি কেবল দলের লেজুরবৃত্তি করবে না, রাজনৈতিক দলকে ঠিকপথে চলতে প্রভাবিত করবে।” ১৯৫৩ সালের ৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯৭০ সালে হয় ষষ্ঠ সমাবর্তন। এর আঠাশ বছর পর ১৯৯৮ সালের ২৯ নভেম্বর হয় সপ্তম সমাবর্তন। অষ্টম সমাবর্তনে ১৯৯১ থেকে ২০০৫ পর্যন্ত অধ্যয়ন শেষ করা সাত হাজার ২১ জন গ্র্যাজুয়েট নিবন্ধন করেন। সমাবর্তনে এম ফিল গবেষকদের পক্ষে একজন, সকল অনুষদের পক্ষ থেকে একজন করে গ্র্যাজুয়েট শিক্ষামন্ত্রীর কাছ থেকে তাদের সনদপত্র গ্রহন করেন। বিকাল ৩টায় স্টেডিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.