চট্টগ্রাম, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘রোকেয়া দিবস’ উপলক্ষে নারী উন্নয়ন নীতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছে একটি সংগঠন।
রোববার বেগম রোকেয়া দিবস উপলক্ষে নগরীর ডিসি হিল চত্বরে উন্নয়ন সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘ এক সভায় এ দাবি জানায়।
উপমহাদেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া স্মরণে ৯ ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে ‘রোকেয়া দিবস’ পালন করা হয়।
বক্তারা বলেন, “জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ ঘোষণা হলেও এখনো তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। আমাদের দেশের নারীরা বিভিন্ন ক্ষেত্রে এখনো অবহেলিত।”
নারী উন্নয়ন নীতির পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নিরাপদ ও নারীবান্ধব পরিবেশ সৃষ্টির দাবিও জানানো হয় সভায়।
এছাড়া সংগঠনটির পক্ষ থেকে নারীর প্রতি বৈষম্যমূলক সব আইনের সংস্কার, জাতীয় বাজেট ও নীতিসমূহ আরো নারী বান্ধব ও জেন্ডারভিত্তিক করাসহ বিভিন্ন দাবি জানানো হয়।
সমাবশে বক্তব্য রাখেন নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক ফেরদৌস আহম্মদ, জেলা সমন্বয়কারী শরীফ চৌহান, উন্নয়ন কর্মকর্তা এরশাদুল করিম, কুমকুম দত্ত প্রমুখ।
সংগঠনটি পরে একটি শোভাযাত্রা রেব করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৮০০ ঘ.
bdnews24