২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশায় ফেরি বন্ধ, আটকে নৌমন্ত্রী

ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। প্রায় সাত ঘণ্টা বন্ধ ছিল পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচলও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 03:47 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

মাদারীপুর/মুন্সিগঞ্জ/মানিকগঞ্জ, ০৯ ডিসেম্বর, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। কাওড়াকান্দিতে শনিবার রাত থেকে মাঝ নদীতে ফেরিতে আটকা পড়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক আবদুল বাতেন রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান রাত সাড়ে ১১ টার দিকে ফরিদপুর ফেরিতে করে কাওড়াকান্দি ঘাট থেকে মাওয়ার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু নদীতে ঘন কুয়াশা পড়ায় কিন্তু আধা ঘন্টার মধ্যে ফরিদপুরসহ সব ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। তিনি বলেন, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শাহ মখদুম, যমুনা, ফরিদপুরসহ ৯টি ফেরি মাঝনদীতে নোঙ্গর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে না যাওয়া পর্যন্ত ফেরি চলানো সম্ভব হবে না। বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সিরাজুল হক সকাল দশটায় জানান, কুয়াশার কারণে খুব কাছের জিনিসও দেখা যাচ্ছে না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরিগুলো নদীতে নোঙ্গর করে রাখতে হয়েছে। সব ফেরির সঙ্গেই যোগাযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন যাত্রীরা নিরাপদে রয়েছেন, কুয়াশা কেটে গেলেই আবার ফেরি চলাচল শুরু হবে। ফেরি বন্ধ থাকায় উভয় পাড়ে কয়েকশ’ যানবাহন আটকা পড়েছে। ফেরিগুলোতে প্রায় তিন হাজার যাত্রী আটকে রয়েছে। এছাড়া মাওয়া ঘাটে একটি ও কাওড়াকান্দিতে ২টি ফেরি যানবাহন ভর্তি করেও গন্তব্যে রওনা হতে পারেনি বলে তিনি জানান। এদিকে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ খান জানান, ঘন কুয়াশার কারণে রাত তিনটা থেকে সকাল পৌনে দশটা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ থাকে। তখন ছয়টি ফেরি মাঝনদীতে নোঙ্গর করে রাখা হয়েছিল। কুয়াশা কাটলে ফেরি চলাচল শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১০২৭ ঘ.