২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে যুবলীগ ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা গুলিবিদ্ধ

নাটোরে সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাসার সামনে শনিবার রাতে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে গোলাগুলিতে দুইজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 06:46 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

নাটোর, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাসার সামনে শনিবার রাতে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে গোলাগুলিতে দুইজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ দুইজন হলেন, শহর যুবলীগের যুগ্ম সম্পাদক পলাশ (৩২) ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি দেওয়ান শাহীন। রাত ১১টায় নাটোর শহরের আলাইপুর এলাকায় এঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নাটোর জেলা পুলিশ সুপার কায়ুমুজ্জামান খান বলেন, রাত ১১টার দিকে জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাসার মূল ফটকের সামনে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শহর যুবলীগের যুগ্ম সম্পাদক পলাশ (৩২) ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি দেওয়ান শাহীন গুলিবিদ্ধ হন। প্রত্যক্ষদর্শীরা জানান, পলাশের পিঠে গুলি লেগেছে। তাকে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় রাত সাড়ে ১১টায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যদিকে গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা দেওয়ান শাহীনের কান ফুটো হয়ে গেছে। তাকে দুলুর বাসায় চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পরপরই বিপুল সংখ্যক পুলিশ দুলুর বাসা ঘিরে রেখেছে। বাসার ভেতরে রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ বিপুল সংখ্যক নেতা কর্মী রয়েছেন। রুহুল কুদ্দুস তালুকদার বলেন, আওয়ামী লীগের ‘ক্যাডার বাহিনী’ তাকে খুন করার উদ্দেশ্যে তার বাড়িতে ঢোকার চেষ্টা করছিল। তারা অজ¯্র গুলি ছোঁড়েছে। নেতাকর্মীদের বাধার মুখে তারা ঢুকতে পারেনি। তিনি অভিযোগ করেন, “হামলাকারীদের গ্রেপ্তার না করে পুলিশ আমাদের গ্রেপ্তারের তৎপরতা চালাচ্ছে।” তবে যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম দুলুর বাড়িতে হামলার অভিযোগ অস্বীকার করে বলেছেন, “বিএনপি নাটোরকে অশান্ত করার জন্য পরিকল্পিতভাবে যুবলীগ নেতাকর্মীদের ওপর গুলি ছোঁড়েছে।” নাটোরের পুলিশ সুপার কায়ুমুজ্জামান খান অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/০০৪১ ঘ.