২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনন্দ মিছিলের আহ্বান প্রধানমন্ত্রীর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজ জয়ে রোববার আনন্দ মিছিল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 05:28 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজ জয়ে রোববার আনন্দ মিছিল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার পঞ্চম ও শেষ এক দিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২ উইকেটে হারিয়ে সিরিজ জয় করে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত থেকে খেলা দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উড়িয়ে উল্লাস করেন তিনি। সেখান থেকেই বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। সে সময় উপস্থিত সবার সঙ্গে করমর্দন করে বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছিলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ। এক সময় মায়ের পাশে গিয়ে দাঁড়ান সজীব ওয়াজেদ। ছেলের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দিয়ে দুই হাতে বিজয়ের চিহ্ন দেখান প্রধানমন্ত্রী। রাত ১১টার দিকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ে রোববার আনন্দ মিছিল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।” শাকিল আরো জানান, প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকাটি স্টেডিয়াম থেকে গণভবনে সঙ্গে নিয়ে আসেন। শেখ হাসিনা যখন গাড়ি থেকে নামছিলেন তখনো তার হাতে ছিল ওই পতাকা। খেলা শেষ হওয়ার পর রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল হয়। বিভিন্ন জায়গা থেকে আনন্দ মিছিল গিয়ে সমবেত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে। সেখানে বিজয় উৎসবে মেতে ওঠে হাজারো তরুণ। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে রোববার সারা দেশে রাজপথ অবরোধের কর্মসূচি দিয়েছে বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/০০০৯ ঘ.