২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর নির্বাচনে ইভিএমে ভোট অনিশ্চিত

রংপুর সিটি নির্বাচনের মাত্র ১১ দিন আগেও কোন ওয়ার্ডে ইভিএমে ভোট হবে তা জানেন না রিটার্নিং কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 01:48 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

মঈনুল হক চৌধুরী জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিদ্ধান্ত নিয়েও রংপুর সিটি করপোরেশনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার অনিশ্চিত হয়ে পড়েছে। নির্বাচনের মাত্র ১১ দিন আগেও রিটার্নিং কর্মকর্তা জানেন না আদৌ নতুন এ সিটি করপোরেশনে ইভিএম ব্যবহার হবে কিনা। ইভিএম নিয়ে এ অনিশ্চয়তার মাঝেই সবকটি ওয়ার্ডের জন্য ব্যালট পেপার মুদ্রণের ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, “এখনো ইসির কোনো সিদ্ধান্ত পাই নি। কাল খোঁজ নিয়ে দেখবো।” গত ফেব্রুয়ারিতে কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন ৫ সদস্যের ইসি পুনর্গঠনের পর ছয় মাসের মাথায় জাতীয় নির্বাচনে (স্থানীয়ভাবে নয়) ইভিএম ব্যবহারের পরিকল্পনা বাদ দেওয়ার ঘোষণা দেয় নতুন ইসি। এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন ইসি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর প্রযুক্তি ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) এর কারিগরি সহায়তায় ২০১০ সালের জুন মাসে চট্টগ্রাম সিটি করপোরেশনে প্রথমবারের মতো ইভিএম ব্যবহার করে। এর ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ, কুমিল্লা সিটি করপোরেশন ও নরসিংদী পৌর নির্বাচনে তা অব্যাহত রাখে। নতুন ইসিও তা বজায় রাখছে জানিয়ে গত ৫ নভেম্বর নতুন এ সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করে। সেই সঙ্গে স্থানীয়ভাবে উৎপাদিত ব্যাটারি দিয়ে ইভিএম চালানোর পরামর্শও দেওয়া হয়। এতে আপিত্ত জানায় ইভিএম’র সঙ্গে প্রথম থেকেই সম্পৃক্ত বুয়েটের আইআইসিটি। ইভিএমে দেশীয় প্রযুক্তির ব্যাটারি ব্যবহার ও বিল নিয়ে ইসি-বুয়েটের মধ্যে জটিলতাও রয়েছে। এরপরও রংপুরে ইভিএম ব্যহারে এখনো আশাবাদী নির্বাচন কমিশনার আবু হাফিজ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্তত একটি ওয়ার্ডে ইভিএম ব্যবহারের বিষয়ে আমাদের সিদ্ধান্ত রয়েছে। প্রয়োজনীয় মেশিন ও ব্যাটারি রয়েছে। এখনো রংপুরে ইভিএমে ভোট সম্ভব বলে মনে করি।” এখনো ওয়ার্ড নির্ধারিত না হওয়ায় ভোটারদের সচেতনতামূলক প্রচারণা ও মক ভোটিংয়ের বিষয়ে এ স্বল্প সময়ে তা সম্ভব হবে কিনা জানতে চাইলে এ নির্বাচন কমিশনার বলেন, সময় আসুক, দেখা যাবে। নাম প্রকাশ না করার শর্তে অপর একজন নির্বাচন কমিশনার রংপুরে ইভিএম ব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, মাঠপর্যায়ে এখনো নির্দেশনা পাঠানো হয় নি। মনে হচ্ছে না- ইভিএম ব্যবহার সম্ভব হবে। ইসি সচিবালয়ের ‘ভালো’ প্রস্তুতি না আগানোর ‘দায়’ নিয়ে যুগ্মসচিব থেকে দায়িত্বশীল জ্যেষ্ঠ কর্মকর্তারাও কেউ মুখ খুলতে চাইছেন না। “ইভিএম ব্যবহার হলে এতোদিনে প্রচারণা শুরু হয়ে যেতো মাঠে। মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর প্রার্থী চূড়ান্ত হয়েছে। কোন্ ওয়ার্ডে ইভিএম হবে তাও আমার কাছে ইসির নির্দেশনা নেই। আমরা পুরো নির্বাচনের জন্য ব্যালট পেপার মুদ্রণ করছি” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ সহকারি সচিব। বুয়েটের তথ্য যোগাযোগ প্রযুক্তি ইন্সটিটিউটের পরিচালক সাইফুল ইসলাম ইসিকে সহযোগিতার বিষয়ে সবসময় সচেষ্ট রয়েছেন বলে জানান। তবে রংপুর নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। পরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা মেশিন দিয়েছি ইসিকে। তাদের কর্মকর্তাদেরও আগে প্রশিক্ষণ দেওয়া রয়েছে। আমি মনে করি, কমিশন চাইলে তারা সক্ষম হবে। এর বেশি কিছু বলতে চাই না।” ইভিএম প্রকল্পের উপ পরিচালক ও আইআইসিটির সহযোগী অধ্যাপক আবদুল হাসিব চৌধুরী মনে করেন, এ পর্যায়ে এসে আর রংপুরে ইভিএম ব্যবহার সম্ভব হবে না। ‘বুয়েট ও ইসি’ জটিলতা নিরসনে কমিশনে বৈঠকের পর সার্বিক অগ্রগতি নিয়ে গত দুই সপ্তাহে কোনো যোগাযোগ নেই ইসির। তিনি বলেন, আগের ব্যাটারি দিয়ে ভোট নেওয়া হবে খুব ঝুঁকির। নতুন ব্যাটারিও আমদানি করা হয় নি। এ অবস্থায় বুয়েটের অপারগতার কথাও জানানো হয়েছে। স্বল্প সময়ে (মাত্র ১১ দিনে) জটিলতা নিরসন করে ও নতুন ব্যাটারি দিয়ে কোনো ভোট সম্ভব হবে না। আগের ইসির মতো ইভিএম’র কারিগরি ও প্রচারণার বিষয়ে বর্তমান ইসি অপেক্ষাকৃত কম সচেতন হওয়ায় বিদ্যমান জটিলতার সৃষ্টি হয়েছে বলে মনে করেন এ অধ্যাপক। কমিশনসভার সিদ্ধান্ত এগোয় নি ২৭ নভেম্বর সিইসি কাজী রকিব স্বাক্ষরিত কমিশনের কার্যপত্রে দেখা যায়, গত ২০ নভেম্বরের সভায় নির্বাচন কমিশনার শাহনেওয়াজ জানান, পাওনা পরিশোধের ক্ষেত্রে বুয়েটের দেওয়া বিলের অবজেকশন এর বিষয়টি আলোচনায় এসেছে অনেক দেরিতে। ইসি সচিবালয়কে দ্রুত তা নিরসনের অনুরাধ জানান তিনি। নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, “রংপুর নির্বাচনে স্বল্প পরিসরে কোনো একটি সংরক্ষিত ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করা যেতে পারে। ইসি সচিব সাদিক জানান, বুয়েটের বকেয়া পরিশোধে দুটি বিলের একটি জিও করা হয়ছে। অপর বিলে বুয়েটের কাগজপত্রে সমস্যা থাকায় তাদের চিঠি পাঠানো হয়েছে। কমিশনের কার্যপত্র অনুযায়ী, কমিশনের ওই সভায় তিনটি সিদ্ধান্ত হয়। ইভিএম নিয়ে ইসি ও বুয়েটের সব জটিলতা নিরসন করতে হবে। বুয়েট ও বিএমটিএফ-এর পাওনার বিষয়ে ইসি সচিবালয়কে ‘প্রো-এ্যাকটিভ’ হয়ে বকেয়া পাওনাদির দ্রুত সমাধান করতে হবে। স্থানীয়ভাবে উৎপাদিত ব্যাটারি দিয়ে বুয়েটের সহায়তা নিয়ে অতিসত্বর বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করে স্থানীয় ব্যাটারির কোয়ালিটি নিশ্চিত করতে হবে; যাতে রংপুরে আমদানি করা ব্যাটারির পাশাপাশি তা পরীক্ষামূলকভাবে ব্যবহার সম্ভব হয়। এ সভায় সিইসি ও বিএমটিএফ ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইফুর রহমান উপস্থিত ছিলেন। ওই সভায় জানানো হয়, কমিশন ৭০০ ইভিএম সংগ্রহ করেছে। রংপুরে স্থানীয় ব্যাটারি দিয়ে তা ব্যবহারোপযোগী করা হবে। একাজে বিএমটিএফ ও বুয়েট সহযোগিতা করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/১৯৩৭ ঘ.