২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিড়িয়াখানায় চুরির রহস্য উদঘাটন হয়নি তিন সপ্তাহেও

ঢাকা চিড়িয়াখানা থেকে তিনটি বিরল প্রজাতির ১১টি মূল্যবান পাখি চুরি ও পাঁচারের ঘটনার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও প্রকৃত অভিযুক্তদের চিহ্নিত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 01:04 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা চিড়িয়াখানা থেকে তিনটি বিরল প্রজাতির ১১টি মূল্যবান পাখি চুরি ও পাঁচারের ঘটনার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও প্রকৃত অভিযুক্তদের চিহ্নিত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় গঠিত বিভাগীয় তদন্ত কমিটিও নির্দিষ্ট সময়ে তদন্ত শেষ করতে ব্যর্থ হয়েছে। সাত কর্মদিবসের পরিবর্তে প্রায় তিন সপ্তাহ তদন্ত করে রোববার মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন জমা দেবে কমিটি। যদিও সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোসাদ্দেক হোসেন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাণিসম্পদ অধিদপ্তরের তদন্ত কমিটি রোববার মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন জমা দেবে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছে কমিটি। প্রতিবেদনে চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে। গত ১৮ নভেম্বর রাতে এই ১১টি পাখি চুরির ঘটনার পর ২০ নভেম্বর শাহআলী থানায় এ ব্যাপারে মামলা দায়ের করা হয়। চুরি যাওয়া পাখির মধ্যে তিনটি কাকাতুয়া, ছয়টি হলুদ টিয়া ও দুইটি লাল টিয়া রয়েছে। এসব পাখির দাম আনুমানিক প্রায় ছয় লাখ টাকা বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। পরে ২১ নভেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই চিড়িয়াখানা পরিদর্শন করেন। ওইদিনই কেন্দ্রীয় হাঁস-মুরগি খামারের উপ-পরিচালককে প্রধান এবং অধিদপ্তরের সহকারী পরিচালককে (খামার) সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। মোসাদ্দেক হোসেন জানান, ঘটনার পর সাভারের আশুলিয়ার মুগরাকান্দা এলাকা থেকে একটি পাখি উদ্ধার করা হয়। ওই ঘটনায় তৈয়ব উল্লাহ নামে স্থানীয় এক ব্যক্তিকে একটি পাখির খাঁচাসহ গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। কিন্তু আর কোনো পাখি উদ্ধার বা অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনি বলেন, এ ঘটনার তদন্তের জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ বেশ কিছু সম্ভাব্য কারণ ও সংশ্লিষ্ট থাকতে পারে এমন কিছু ব্যক্তির নামও পুলিশকে দিয়েছে। কিন্তু পুলিশ তাদের কাউকেই গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ করতে পারেনি। এক্ষেত্রে পুলিশ সক্রিয় নয় বলে মনে হচ্ছে। পুলিশের বিরুদ্ধে চিড়িয়াখানার কর্মকর্তা ও কর্মচারীদের হয়রানি করার অভিযোগও করেন এই কর্মকর্তা। এ ব্যাপারে শাহ আলী থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ছবির উদ্দিন সিকদার বলেন, “এ ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত তেমন কাউকে গ্রেপ্তার করা না গেলেও তদন্তের শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি, শীঘ্রই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। এতে প্রকৃত অপরাধীরাও চিহ্নিত হবে।” পাখি উদ্ধার ও গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, চুরির পর একটি টিয়া পাখিকে চোররা ছেড়ে দেয়। মুগরাকান্দায় পাখিটি আটক হলে স্থানীয় লোকজন এটিকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেয়। পরে চিড়িয়াখানার কিউরেটর টিয়া পাখিটি নিয়ে এসে পুলিশকে জানায়। পুলিশ এটি গ্রহণ করে এবং দেখাশোনার জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় কাউকে সেভাবে হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে সম্ভাব্য চিহ্নিত ব্যক্তিদের নজরদারিতে রেখে তদন্ত কার্যক্রম চলছে। চোরদের শীঘ্রই ধরা সম্ভব হবে। পাখিগুলোকে যদি ছেড়ে দেয়া হয়, তবে আর উদ্ধারের সম্ভাবনা নেই বলেও জানান তিনি। গত ১৮ নভেম্বর রাতে পাখিগুলো চুরির পর ২০ নভেম্বর দায়ের করা মামলায় শাহ আলী থানা পুলিশ দুই জনকে গ্রেপ্তার করে। এরা হলেন- চিড়িয়াখানার প্রহরী সর্দার নূরুল হক এবং এবং নৈশপ্রহরী শংকর লাল মৃধা। ২১ নভেম্বর চিড়িয়াখানা পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, থানা পুলিশ অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাসহ বেশকিছু বিষয়কে সামনে রেখে তদন্ত করছে। এখনো তারা কোনো কারণ সম্পর্কেই নিশ্চিত হতে পারেনি। প্রাণিসম্পদ অধিদপ্তরও একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে। পুলিশি ও বিভাগীয় তদন্ত শেষেই পাখি চুরির প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। এ ধরনের চুরির জন্য চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি দায়ী কিনা- জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এ ধরনের ত্রুটি থাকতে পারে। বিশাল এলাকা জুড়ে এই চিড়িয়াখানা। কিন্তু এর নিরাপত্তা নিশ্চিতে নৈশপ্রহরী মাত্র হাতেগোনা কয়েকজন। তাদের পক্ষে পুরো এলাকার নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। এজন্য নিরাপত্তা বৃদ্ধিসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার। চুরির ঘটনার সঙ্গে চিড়িয়াখানার জমি, নিয়োগ বিরোধ সংশ্লিষ্ট কেউ বা পশু-পাখি সরবরাহকারীদের কেউ জড়িত কিনা, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, অনেক বিষয় নিয়েই তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার আগে কিছুই বলা যাবে না। দুই নিরাপত্তা কর্মী ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে কোনো কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা, জানতে চাইলে প্রতিমন্ত্রী আব্দুল হাই বলেন, জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। এসব পাখি পরিচর্যার দায়িত্বে নিয়োজিত চিড়িয়াখানার কর্মকর্তা (জু অফিসার) এমএ জলিল জানান, পাঁচটি কাকাতুার মধ্যে তিনটি, এক ডজন হলুদ টিয়ার মধ্যে ছয়টি এবং আটটি লাল টিয়ার মধ্যে দুইটি চুরি হয়েছে। এ তিনটি জাতের পাখিই হিংস্র প্রকৃতির। অপরিচিত বা অদক্ষ কারো পক্ষে এসব পাখি বের করা বা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। চিড়িয়াখানার যে অংশটিতে এসব পাখি রাখার স্থান, তার পাশেই নবারেরবাগ এলাকা। এখানে অত্যন্ত দুর্বল কাঠামোর মধ্যে এসব পাখি রাখা হয়। তবে এসব পাখির ঘরে রয়েছে অনেক শক্তিশালী তালা। চিড়িয়াখানার সম্পত্তি কর্মকর্তা অসীম কুমার দে জানান, নবাবেরবাগসহ চিড়িয়াখানার চারপাশের কিছু জমি নিয়ে স্থানীয় দখলদার ও প্রভাবশালীদের সঙ্গে বিরোধ রয়েছে কর্তৃপক্ষের। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। এরমধ্যে চিড়িয়াখানা কর্তৃপক্ষ স¤প্রতি এসব সম্পত্তি উদ্ধারের পদক্ষেপ নেয়। এতে প্রভাবশালীরা ক্ষুব্ধ হয়ে থাকতে পারে। ঘটনার পর ঢাকা চিড়িয়াখানা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “ঘটনার রাতে স্থানীয় লোকজন একজন পশু-পাখি সরবরাহকারী ঠিকাদারকে চিড়িয়াখানার সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢুকতে দেখেছেন। স¤প্রতি পশুপাখি কিনতে কর্তৃপক্ষ যে দরপত্র আহ্বান করে, ওই ঠিকাদার এতে কাজ পাননি। কাজটি পেয়েছে ফ্যালকন গ্রুপ। এতে তারা অসন্তুষ্ট হন।” মামলার তদন্ত কর্মকর্তা ছবির উদ্দিন সিকদার এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, চিড়িয়াখানার সীমানা প্রাচীরসহ নিরাপত্তা বেষ্টনীর দুর্বলতা, অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সংশ্লিষ্টদের অবহেলা, কর্তৃপক্ষের গাফিলতি, জমিজমা সংক্রান্ত বিরোধ এবং পশুপাখি ও খাবার সরবরাহ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ ও বিরোধ রয়েছে। এসব বিষয়কে মাথায় রেখেই তদন্ত চালানো হচ্ছে। ইতোমধ্যে অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরো অনেককেই জিজ্ঞাসাবাদ করা হবে। চুরি হওয়া পাখিগুলো হিংস্র প্রজাতির হওয়ায় দক্ষ ও সংশ্লিষ্টরা ছাড়া এদের বের করা সম্ভব নয়। এসব বিষয় মাথায় রেখেই চুরিতে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। শিগগিরই তাদের চিহ্নিত ও গ্রেপ্তার করা সম্ভব হবে বলে দাবি তদন্ত কর্মকর্তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮৪৬ ঘ.