নেত্রকোনা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার ২০০৫ সালে সাংস্কৃতিক সংগঠনগুলোর ওপর হামলার বার্ষিকী পালন করেছে নেত্রকোনাবাসী।
নেত্রকোনা ট্রাজেডি দিবস পালন কমিটির ডাকে সকাল পৌনে ১০টা ৪০ মিনিটে ৫ মিনিটের জন্য ‘স্তব্ধ কর্মসূচি’ পালন করা হয়।
শহরবাসী শহরের প্রধান সড়কে নীরবে দাঁড়িয়ে এই কর্মসূচিতে অংশ নেয়। এই কর্মসূচি চলাকালে শহরের সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।
২০০৫ সালের ৮ ডিসেম্বর শহরের অজহর রোডে উদীচী শিল্পী গোষ্ঠী ও শতদল কার্যালয়ের সামনে জঙ্গিদের বোমা হামলায় আটজন নিহত হন, আহত হন অর্ধশতাধিক।
নিহতদের স্মরণে শহরের অজহর রোডে নির্মিত অস্থায়ী বেদীতে শনিবার ফুল দেয়া হয়। নিহতদের স্মরণে কালোব্যাজও ধারণ করে সাংস্কৃতিক সংগঠনগুলো।
সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয় প্রতিবাদী মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৪ ঘ.
bdnews24