মুন্সীগঞ্জ, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া থেকে তিন হাজার বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক আটক করেছে হাইওয়ে পুলিশ।
শুক্রবার রাত ৮টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ওই স্থান থেকে ট্রাকটি আটক করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট শেখ ওজিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ট্রাকটির (সাতক্ষীরা ট-১১-০০৮১) পিছু নেয়। এ সময় ট্রাকের লোকজন বিষয়টি বুঝতে পেরে ট্রাকটিকে কুচিয়ামোড়া ধলেশ্বরী ব্রীজের নিচে রেখে পালিয়ে যায়।
সিরাজদিখান থানার ওসি মাহাবুবুর রহমান জানান, ট্রাকটি উত্তরবঙ্গ থেকে মাওয়া হয়ে ঢাকায় যাচ্ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২৩৩৯ঘ.
bdnews24