২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরআন পোড়ানোর ঘটনায় ৩ জামায়াতকর্মী গ্রেপ্তার

ঝালকাঠীর রাজাপুর উপজেলায় কোরআন পোড়ানোর ঘটনায় সন্দেহভাজন হিসাবে জামায়াতে ইসলামীর তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 12:12 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঝালকাঠী, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর রাজাপুর উপজেলায় কোরআন পোড়ানোর ঘটনায় সন্দেহভাজন হিসাবে জামায়াতে ইসলামীর তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- উপজেলার মঠবাড়ি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আবুল কাশেম (৪০), জামায়াত কর্মী আজিজুর রহমান (৪১) ও মনির হাওলাদার (৩০)। রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত সময়ে জেলার বিভিন্ন এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। ঝালকাঠীর অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকার আদর্শপাড়া হাজি মোফাজ্জেল হোসেন পাঞ্জেগানা মসজিদের একটি কোরআন শরীফ আংশিক পুড়িয়ে দেয় ‘দুর্বৃত্তরা’। ওসি আতাউর বলেন, “ওই ঘটনায় রাতেই ধর্ম অবমাননার অভিযোগে রাজাপুর থানায় একটি মামলা করা হয়। মামলায় সন্দেহভাজন হিসাবে জামায়াতের ওই তিন কর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।” গ্রেপ্তারকৃতদের শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানান ওসি। অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল বলেন, ‘কোনো খারাপ ইস্যু তৈরি’ কিংবা ‘পরিবেশ অস্থিতিশীল করতে’ একটি মহল এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এইচএএইচ/জেকে/১৮০৬ ঘ.