মঈনুল হক চৌধুরী
জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধে অভিযুক্ত শীর্ষনেতাদের মুক্তি দাবিতে জামায়াতে ইসলামীর ‘তাণ্ডব’ এবং বিরোধী দলের ‘রাজনৈতিক উত্তাপে’ আবার পুলিশি নিরাপত্তা চাইছেন নির্বাচন কমিশনাররা।
দুই বছর আগে প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনাররা সবাই পুলিশ পাহারা পেতেন। ২০১০ সালে হঠাৎই কমিশনারদের পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করা হয়।
সিইসির মতো এখন চার নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজের পুলিশি নিরাপত্তার বিষয়ে পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন সচিবালয়।
সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ পুলিশ প্রটেকশন ফোর্স ও ওয়াকিটকির ব্যবস্থা নিতে অতিরিক্ত সচিবকে নির্দেশ দিয়েছেন বলে একজন নির্বাচন কমিশনার জানিয়েছেন। সেই সঙ্গে ডিআইজিকে (প্রশাসন) চিঠি দিতেও বলা হয়েছে।
জামায়াতকর্মীরা গত কিছুদিন ধরে পুলিশের ওপর চড়াও হচ্ছে, তাদের হামলার মুখে পড়েছিলেন আইনমন্ত্রীও। ৪ ডিসেম্বর হরতালের দিন যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি গাড়িতেও জামায়াতকর্মীরা হামলা চালায়।
এছাড়া বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল রোববার রাজপথ অবরোধ কর্মসূচি ডাকার পাশাপাশি লাগাতার হরতালের হুমকিও দিয়েছে।
বৃহস্পতিবার ইসির সংলাপে অংশ নিয়ে বিকল্পধারা ও জাগপাও আগামী দিনগুলোতে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা প্রকাশ করে।
গত ৪ ডিসেম্বর জামায়াতের হরতালের দিন নির্বাচন কমিশনার আবদুল মোবারক কার্যালয়ে যাননি, যদিও সেদিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সূচি ছিল।
ওই নির্বাচন কমিশনার নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আবদুল মোবারকের বাসা মগবাজার এলাকায়, যেখানে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়। নিরাপত্তাজনিত কারণেই ইসির নির্ধারিত সংলাপে আসেননি তিনি।”
এরপর নির্বাচন কমিশনও মনে করে, সরকারের মেয়াদের শেষ পর্যায়ে এসে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে পুলিশি নিরাপত্তা ফিরিয়ে আনা দরকার।
এই বিষয়ে নির্বাচন কমিশনার আবু হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশি নিরাপত্তা প্রয়োজন বলে ব্যক্তিগতভাবে প্রয়োজন বলে তিনি মনে না করলেও পেলে আপত্তি করবেন না তিনি।
ইসির একজন যুগ্মসচিব জানান, সার্বিক সতর্কতা ও ঝুঁকি বিবেচনা করেই ইসি সচিবালয় নিরাপত্তা পুনর্বহালের মত দিয়েছে।
পুলিশ প্রটেকশনের পাশাপাশি এবার প্রটেকশন দলের জন্য ওয়াকিটকিও চাওয়া হচ্ছে।
একজন নির্বাচন কমিশনার বলেন, “ওয়াকিটকি পুলিশের পক্ষ থেকে পাওয়া না গেলে ইসি সচিবালয়কে ব্যবস্থা নিতে বলা হযেছে। এটি থাকলে কোন রাস্তা ক্লিয়ার রয়েছে, তা সহজেই জানা যাবে। তা না হলে প্রটেকশন নিয়ে লাভ নেই।”
ইসির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সাংবিধানিক পদ এবং গুরুত্ব বিবেচনা করে দ্রুততম সময়ে পুলিশ প্রটেকশন দেয়ার জন্য এ চিঠিতে বলা হচ্ছে।
আগে কমিশনারদের নিরাপত্তায় একজন হাবিলদারের নেতৃত্বে একজন গানম্যানসহ ছয়জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করতেন।
২০০৭ সালের ফেব্রুয়ারিতে নিয়োগ পাওয়ার পর থেকে ওই সময়ের নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন পুলিশি নিরাপত্তা পেয়ে আসছিলেন।
হাসান মাহমুদ খোন্দকার পুলিশ প্রধানের দায়িত্ব নেয়ার তিন দিনের মাথায় ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেনের নিরাপত্তা প্রত্যাহার করা হয়।
হাসান মাহমুদ র্যাবের মহাপরিচালকের দায়িত্বে থাকার সময় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে বেশ কয়েকবারই নির্বাচন কমিশনারদের তোপের মুখে পড়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২২২২ ঘ.
bdnews24