খুলনা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা বিশ্ববিদ্যালয়ে ¯œাতকে (সম্মান) ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি দেয়া হয়েছে।
নতুন সূচিতে ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর দুই শিফটে ভর্তি পরীক্ষা হবে বলে কর্তৃপক্ষ জানায়।
অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপাচার্য মোহাম্মদ ফায়েজ উজ্জামানের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা বিষয়ক কেন্দ্রীয় কমিটির এক সভায় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. সমীর কুমার সাধু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভর্তি পরীক্ষার প্রথম দিন ২৮ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের পরীক্ষা হবে।
একই দিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত হবে জীববিজ্ঞান স্কুলের পরীক্ষা।
২৯ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের এবং বিকাল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের পরীক্ষা হবে।
৩০ ডিসেম্বর (রোববার) সকাল ১০টা থেকে ১২টা সমাজ বিজ্ঞান এবং দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত কলা ও মানবিক স্কুলের ভর্তি পরীক্ষা হবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ku.ac.bd/admission)|।
অক্টোবরের ১০, ১১ ও ১২ তারিখ এসব পরীক্ষা হওয়ার কথা ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৯ ঘ.
bdnews24