২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হল-মার্কের তানভীর রিমান্ডে সাভার থানায়

র‌্যাবের ওপর হামলার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সন্ধ্যায় হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদকে সাভার থানা হেফাজতে নেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 04:21 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

সাভার, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের ওপর হামলার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সন্ধ্যায় হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদকে সাভার থানা হেফাজতে নেয়া হয়েছে। রাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তানভীরের ভায়রা হল-মার্কের মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমেদকেও আনা হয়েছে। তাদের একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। অন্য মামলায় রিমান্ডে থাকার কারণে এতদিন তাদের র‌্যাবের ওপর হামলার মামলায় জিজ্ঞাসাবাদ করা যায়নি বলে জানান এসআই। গত ৪ অক্টোবর সোনালী ব্যাংকের অর্থ কারসাজির ঘটনায় হলমার্কের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন-দুদক। এরপর ৬ অক্টোবর রাতে সাভারের হেমায়েতপুরের জনতা হাউজিংয়ে তানভীর ও তুষারকে গ্রেপ্তার করতে যায় র‌্যাব-৪ সদস্যরা। এ সময় তারা ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করলে হলমার্ক গ্রুপের অজ্ঞাত পাঁচ থেকে ছয়শ’ লোক দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে র‌্যাবের চার সদস্য আহত হয়। এ ঘটনায় র‌্যাব-৪ এর সুবেদার মিজানুর রহমান ৮ অক্টোবর তানভীর ও তুষারের নামোল্লেখ করে অজ্ঞাত পাঁচ থেকে ছয়শ’ জনকে আসামি করে সাভার থানায় একটি মামলা করেন। এই মামলায় তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ১৮ নভেম্বর আদালতে সাত দিনের হেফাজত চায় পুলিশ। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করে। আদালতের নির্দেশেই তাদেরকে সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সাভারে নিয়ে আসা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২১৩ ঘ.