২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাম্প্রদায়িকতা নির্মূলে সংবিধান বাধা’

সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম ও ধর্ম নিরপেক্ষতা এক সঙ্গে রাখাকে সাম্প্রদায়িকতা নির্মূলের পথে বাধা বলে মনে করেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 04:09 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম ও ধর্ম নিরপেক্ষতা এক সঙ্গে রেখে সাম্প্রদায়িকতা নির্মূল সম্ভব নয় বলে মনে করেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. মিজানুর রহমান। বুধবার চট্টগ্রামে এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। মিজান বলেন, “দেশ সাম্প্রদায়িক হুমকির মুখে। যতদিন পর্যন্ত সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম ও ধর্মনিরপেক্ষতা এক সঙ্গে থাকবে ততদিন দেশ থেকে সা¤প্রদায়িকতা নির্মূল করা যাবে না।” সা¤প্রদায়িকতা, সম্প্রীতি, মানবাধিকার ও আজকের বাংলাদেশ শীর্ষক ওই আলোচনায় রামু ঘটনায় সরকারের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান। তিনি বলেন, “... এত কিছুর পরও অনেক আশার বিষয় রয়েছে। রামুর ঘটনা যতই ভয়াবহ হোক না কেন সরকার যদি সঠিক ভাবে মোকাবেলা করতে না পারত তাহলে বাংলাদেশে গুজরাটের মতো পরিস্থিতি হতে পারত।” ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। আলোচনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ বলেন, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদ এই চার নীতির উপর ভিত্তি করে বাংলাদেশের সংবিধান রচিত হয়েছিল। বারবার সংবিধান সংশোধনের মাধ্যমে এগুলো নষ্ট করে ফেলা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আনোয়ারুল আজিম বলেন, “বর্তমানে দেশে পুলিশ বাহিনীর উপর হামলা হচ্ছে এবং আইন-শৃঙ্খলা নষ্টের চেষ্টা চলছে। এগুলো রামুর ঘটনারই ধারাবাহিকতা।” মানবাধিকার চেয়ারম্যান সরকারের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করলেও রামুর ঘটনায় প্রশাসন সঠিক ভূমিকা রাখতে পারেনি বলে জানান মানবাধিকারকর্মী অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান। তার মতে, “প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি যদি সঠিক ভূমিকা রাখতে পারত তাহলে এ ঘটনা এত বড় হতো না।” চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (সদর) বনজ মজুমদার বলেন, “সরকারি নির্দেশে রামুর ঘটনার পরদিন সেখানে গিয়ে অনেকের সাথে কথা বলেছি। জানতে পারি যারা হামলায় জড়িত তারা কী করেছে নিজেরা সেটা বুঝতে পারেনি।” সঠিক তদন্ত করে বিচারের মুখোমুখি করা হলে এ ঘটনাগুলোর পুনরাবৃত্তি রোধ করা সম্ভব বলে মনে করেন পুলিশের এই কর্মকর্তা। বৈঠকে বক্তারা সা¤প্রদায়িকতার বিষয়টি রাজনৈতিক বিবেচনায় না নেয়ার বিষয়ে তাগিদ দেন। বাংলাদেশ মানবাধিকার কমিশন ও চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক আজাদীর যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ও জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য জাকির হোসেনের সঞ্চলানায় অনুষ্ঠিত আলোচনায় দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চট্টগ্রামের সিভিল সার্জন আবু তৈয়ব, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/২২০৪ ঘ.