চট্টগ্রাম, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে দুটি অগ্নিনির্বাপক যন্ত্রের আমদানিকারক ও রিফিলিং প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার নগরীর এনায়েত বাজার এলাকার বাটালী রোডে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন এ জরিমানা করেন।
প্রতিষ্ঠান দুটি হলো- মেসার্স লাকী এন্টারপ্রাইজ ও মেসার্স বিসমিল্লাহ মেরিন স্টোর।
বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠান দুটি বিএসটিআই এর গুণগতমান সনদ গ্রহণ না করে এবং অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে আমদানির পাশাপাশি বিক্রয় কেন্দ্রের পার্শবর্তী আবাসিক রুমে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে ভিকেএস, এলইডি, ফাইয়ার ফাইটার, ব্রান্ডের অগ্নিনির্বাপক যন্ত্র রিফিলিং করে উৎপাদন, বিক্রয় ও বিতরণ করে আসছিল।
এ ঘটনায় প্রতিষ্ঠান দুটির মালিককে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি রিফিলিং রুমও বন্ধ করে দেয় ভ্রাম্যমান আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯১১ ঘ.
bdnews24