ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের বিভিন্ন পদে বেশকিছু রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পৃথক পৃথক আদেশে বুধবার এসব রদবদল করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োজিত সেনা কর্মকর্তা মেজর এমএম মতিউর রহমানকে প্রত্যাহার করে মূল কর্মস্থলে ফেরৎ পাঠানোর জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) অতিরিক্ত পরিচালক পদে প্রেষণে সেনা কর্মকর্তা কর্নেল আনোয়ার সোহেল সিদ্দিকীকেও প্রত্যাহার করা হয়েছে। তার মূল কর্মস্থলে ফেরৎ পাঠাতে তার চাকরি ন্যস্ত করা হয়েছে সশস্ত্র বাহিনী বিভাগে।
এছাড়া গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. মনিরুজ্জামানকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। গোপালগঞ্জের নতুন এডিসি হয়েছেন রাজশাহীর এডিসি রফিকুল আলম। নওগাঁর এডিসি ড. এএনএম বজলুর রশিদকে রাজশাহীতে এডিসি পদে বদলি করা হয়েছে।
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ রেহান উদ্দিনকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ওই পদে নিয়োগের জন্য নরসিংদীর রায়পুরার ইউএনও মোহাম্মদ মাহে আলমকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. জসিম উদ্দিনকে ইউএনও হিসেবে নিয়োগের জন্য ন্যস্ত করা হয়েছে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে। তাকে নরসিংদীর ইউএনও নিয়োগ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৬২৯ ঘ.
bdnews24