শরীয়তপুর, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গলা কেটে দেয়ার একমাস পর মঙ্গলবার মারা গেলেন শরীয়তপুরের অন্তঃসত্ত্বা গৃহবধূ শেফালী আক্তার।
যৌতুকের টাকা দিতে না পারায় একমাস আগে শ্বশুরবাড়ির লোকজন শেফালীর গলা কেটে হত্যার চেষ্টা করে বলে তার স্বজনরা জানান।
এ ঘটনায় শরীয়তপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন শেফালীর বাবা।
মামলার নথি ও শেফালীর স্বজনদের কাছ থেকে জানা যায়, দুই বছর আগে শরীয়তপুর সদরের ডোমসার ইউনিয়নের কোয়ারপুর দপ্তরী কান্দি গ্রামের আবুল হোসেন খানের মেয়ে শেফালী আক্তারের সঙ্গে পাশের পশ্চিম কোয়ারপুর বেপারী কান্দি গ্রামের আব্দুল জলিল খলিফার ছেলে ফারুক খলিফার বিয়ে হয়।
এরপর থেকেই স্বামী, শ্বশুর ও শাশুড়ি যৌতুকের জন্য শেফালীর উপর নির্যাতন করে আসছিল।
এর জেরে একমাস আগে স্বামী, শ্বশুর ও শাশুড়ি দা দিয়ে শেফালীর গলা কেটে হত্যার চেষ্টা করে।
তাকে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন পর সেখান থেকে নেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয় হাসপাতালে।
সেখানে একমাস চিকিৎসার পর তাকে বাবার বাড়ি নেয়া হয়। সেখানে শেফালীর মৃত্যু হয়।
পালং থানার ওসি মো. রবিউল আলম বলেন, হত্যার উদ্দেশ্যে শ্বাসনালী কেটে ফেলার অভিযোগে শেফালীর বাবা আবুল হোসেন খান বাদী হয়ে স্বামী ফারুক খলিফা, শ্বশুর জলিল খলিফা ও শাশুড়ি ফুলমতিকে আসামি করে পালং থানায় একটি মামলা দায়ের করেছিলেন আগেই। সেটি এখন আদালতে বিচারাধীন আছে।
এ ব্যাপারে সদর উপজেলার ডোমসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার মজিবুর রহমান খান বলেন, ফারুক খলিফা মূলত যৌতুকলোভী ছেলে। শেফালীর পিতা যৌতুক দিতে না পাড়ায় শেফালীকে গলা কেটে হত্যা করা হয়েছে।
বুধবার দুপুরে সদর হাসপাতালে ময়নাতদন্ত হয়। এরপর উপজেলার ডোমসার বাজার মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে ডোমসার মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৫৩ ঘ.
bdnews24