চুয়াডাঙ্গা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর চার কর্মীকে আটক করেছে পুলিশ।
এরা হলেন, সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে নূরুজ্জামান (৩৩), হাফিজ উদ্দিনের ছেলে মুস্তাকিন (৫৫) ও জালাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (৩৬) এবং হাজরাহাটি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আব্দুস সালাম (৪০)।
মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান চুয়াডাঙ্গা সদর থানার ওসি এরশাদুল কবির চৌধুরী।
তিনি বলেন, “নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল।”
বিশেষ ক্ষমতা আইনে এই জামায়াতকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।
আটকরা সবাই দলীয় কর্মী বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির আনোয়ারুল হক মালিক।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে মঙ্গলবার সারাদেশে হরতাল পালন করে দলটি। হরতালে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১২১৯ ঘ.
bdnews24