লাবলু আনসার
নিউইয়র্ক প্রতিনিধি
নিউইয়র্ক, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের পদবঞ্চিত প্রবাসী নেতাদের সংগঠন ‘নর্থ আমেরিকা আওয়ামী লীগ’ বিলুপ্ত করে এর শীর্ষ নেতৃত্বকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদের মধ্যে প্রদীপ রঞ্জন করকে উপদেষ্টা, লুৎফুল করিমকে সহসভাপতি, চন্দন দত্ত ও আব্দুর রহিম বাদশাকে সাংগঠনিক সম্পাদক ও কায়কোবাদ খানকে নির্বাহী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে অন্তর্ভুক্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান জানান, গত ৪ ডিসেম্বর এ সংক্রান্ত চিঠি প্রদীপ কর ও আব্দুর রহিম বাদশাকে দেয়া হয়েছে।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের হস্তক্ষেপে দলীয় অন্তর্কোন্দল মিটেছে বলেও তিনি দাবি করেন।
সিদ্দিকুর জানান, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ ও নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের কমিটিতে আরো ১০জনকে অন্তর্ভুক্ত করা হবে।
“এখন থেকে আমরা সকলে ঐক্যবদ্ধ এবং জামায়াত-শিবিরের তাণ্ডবের বিরুদ্ধে লাগাতার কর্মসূচি দুর্বার গতিতে চালিয়ে যাব,” বলেন এই প্রবাসী আওয়ামী লীগ নেতা।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন আব্দুর রহিম বাদশা এবং মানবাধিকার সম্পাদক ছিলেন চন্দন দত্ত। তারা নতুন পদ পাওয়ায় শূন্য পদে কে আসছেন সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।
২০১১ সালের সেপ্টেম্বরে দলীয় সভানেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে কাউন্সিলের মাধ্যমে গঠিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতাকর্মীরা নর্থ আমেরিকা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন। তারা আলাদাভাবে কর্মসূচিও পালন করে আসছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১০২২ ঘ.
bdnews24