ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংক ডাকাতির একটি মামলা শেষ পর্যায়ে এলেও রায় না দিয়ে দুই বছর ঝুলিয়ে রেখে এখন রাজনৈতিক চাপের ‘অজুহাত’ দেখানোয় সংশ্লিষ্ট বিচারক ওই পদে থাকতে পারেন না মত দিয়ে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
হাই কোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রোববার এই পর্যবেক্ষণ দেয়। মঙ্গলবার রায়ের লিখিত অনুলিপিতে স্বাক্ষর করেন বিচারপতিরা।
ওই আদালতের দেওয়া কারণ দর্শানোর একটি নোটিশের বিপরীতে বর্তমানে ঢাকার শ্রম আদালত-২ এ কর্মরত বিচারক মো. মাহবুবুর রহমানের জবাব পর্যালোচনা করে এই পর্যবেক্ষণ দেয় হাই কোর্ট।
রায়ের বিবরণে দেওয়া তথ্য অনুযায়ী, ২০০২ সালের ১১ নভেম্বর পূবালী ব্যাংকের তেজগাঁও শাখায় ডাকাতি হয়। ওই ঘটনায় দায়ের করা মামলাটি ওই সময় অতিরিক্ত দায়রা জজের দায়িত্বে থাকা এই বিচারকের আদালতে ছিলো। ২০১০ সালের গোড়ার দিকে মামলাটি রায়ের পূর্বে বিচারিক আদালতের সর্বশেষ ধাপ ‘যুক্তিতর্ক’ পর্যায়ে ছিলো। কিন্তু এরপর এর কার্যক্রম আর অগ্রসর হয়নি। পরে মামলার এক আসামী মামলাটি অন্য আদালতে স্থানান্তরে হাই কোর্টে আবেদন করেন।
হাই কোর্ট প্রাথমিক শুনানি করে এই বিচারককে কারণ দর্শানো নোটিশ দেয়। গত ৩০ জুলাই দেওয়া জবাবে বিচারক জানান, এই মামলার আসামীদের জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেটের বক্তব্য গ্রহণ প্রয়োজন। তাছাড়া এ মামলার আসামী পক্ষ অত্যন্ত চতুর ও প্রভাবশালী এবং তারা উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে। তাই মামলাটির বিচারকাজে তিনি বিব্রতবোধ করছেন।
হাই কোর্ট রায়ে বলেছে, বিচারক মো. মাহবুবুর রহমান হাই কোর্টের কারণ দর্শানোর নোটিশের জবাবে ম্যাজিস্ট্রেটের জবানবন্দির প্রয়োজনীয়তার কথা বলছেন। কিন্তু ২০১০ সালের জানুয়ারিতে তিনি ম্যাজিস্ট্রেটের জবানবন্দি নেননি। এমনকি এক্ষেত্রে প্রয়োজন মনে করলে বিচারক ম্যাজিস্ট্রেটের উপস্থিতি নিশ্চিত করতে আইনি পদক্ষেপ (তলব, ওয়ারেন্ট) নেওয়া উচিত ছিলো।
‘এ সব না করে তিনি এখন বলছেন, ওই ম্যাজিস্ট্রেটকে পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন।’
‘রাজনৈতিক চাপের’ বিষয়টি উল্লেখ করে রায়ে আরো বলা হয়, এটা কেবলমাত্র বিস্ময়করই নয়, বরং এটা বিচারিক কর্ম সম্পাদনে ওই বিচারকের অযোগ্যতাই প্রকাশ করে। গত দুই বছর এই চাপের কথা তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন কি-না, তা তিনি তার জবাবে উল্লেখ করেননি।
‘তার এই যুক্তি গ্রহণ করলে এটাই স্পষ্ট হবে যে, তিনি তথাকথিত চাপে পড়ে তার বিচারিক দায়িত্ব সম্পাদন থেকে নিজেকে বিরত রেখেছিলেন।’
এই অবস্থায় আমাদের মত হচ্ছে, ‘উঁচু বিচারিক পদে থেকে তিনি অযাচিত চাপে নিজেকে বিচার কার্য থেকে বিরত রেখেছেন। এই অবস্থায় তিনি এই বিচারিক কাজ চালিয়ে নেওয়ার যোগ্য নন।’
এই পর্যবেক্ষণ, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় রেখে ওই বিচারকের বিষয়ে আইন অনুসারে তদন্ত করতে হাই কোর্ট আইন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছে।
ওই বিচারক ইতিমধ্যেই বদলি হয়ে যাওয়ায় মামলা অন্য আদালতে স্থানান্তর করতে হাই কোর্টে আসা মূল মামলার আসামীর আর্জি অকার্যকর হয়ে গেছে উল্লেখ করে আবেদনটি নিষ্পত্তি করে দেওয়া হয়।
হাই কোর্ট সেইসঙ্গে মূল মামলার আসামীদের জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেটের বক্তব্য নিয়ে, যুক্তিতর্ক শেষ করে ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছে।
মূল মামলার আসামী নুর হোসাইন ওরফে লেদুর পক্ষে হাই কোর্টে শুনানি করেন অ্যাডভোকেট সেলিনা আক্তার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোশাররফ হোসেন সরদার, সহকারি অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ ও মো. আসাদুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/১৯৪৮ ঘ.
bdnews24