ঝালকাঠী, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠী শহর থেকে এক স্কুলছাত্রকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে নতুন কলাবাগান এলাকা থেকে মো. আরাফাতকে (৭) অপহরণ করা হয় বলে তার মা ফরিদা বেগম জানান।
তিনি সাংবাদিকদের বলেন, দুপুর সাড়ে ১২টায় একটি মোবাইল ফোন থেকে আরাফাতকে অপহরণের কথা জানানো হয় তাকে। তার মুক্তির জন্য ১০ লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা।
সকালে আরাফাত বাসার সামনে খেলা করছিল। সাড়ে ১০টায় একবার বাসায় এসে বিস্কুট খেয়ে আবার বেরিয়ে যায়। তারপরই অপহরণকারীরা মুক্তিপণের জন্য ফোন করে।
আরাফাত শহরের সিটি কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির ছাত্র। তার বাবা মো. আলমগীর হোসেন সম্প্রতি বিদেশ থেকে ফিরে শহরের কাঠপট্টিতে ‘আরাফাত স্টোর’ নামে একটি মুদি দোকান খুলেছেন।
সদর থানার ওসি আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারীদের ধরতে পুলিশ সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮১৩ ঘ.
bdnews24