রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট সভাপতি আরিফ পারভেজ ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় আহত হয়েছেন।
সোমবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ হামলা হয়।
আরিফ পারভেজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি।
আরিফ পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত দেড়টার দিকে ওই হলের টেলিভিশন কক্ষে তিনি খবর দেখছিলেন।
ওখানে ছাত্রলীগের উপ-পাঠাগার সম্পাদক নাসিম আহম্মেদ সেতু, কর্মী আসিফ, শাওনসহ ৫/৬ জন ছাত্রলীগ সমর্থক আরিফের পরিচয় জানতে চায়।
তিনি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতির পরিচয় দিলে ছাত্রলীগ নেতাকর্মীদের চিনতে না পারার অভিযোগে অকথ্য ভাষায় গালাগাল এবং প্রচণ্ড মারধর করে।
বিষয়টি তিনি প্রক্টরকে মোবাইল ফোনে জানানোর সময় হলের প্রধান ফটকের সামনে দায়িত্বরত পুলিশের উপস্থিতিতে আবারো মারধর করে তাকে।
তার মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। এক পর্যায়ে শাওন পিস্তল দেখিয়ে হত্যার হুমকি দেয় বলেও আরিফ জানান।
হামলার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন অনুশীলন নাট্য সংগঠনের প্রতিষ্ঠাতা নাট্যকার মলয় কুমার ভৌমিক।
ছাত্রলীগ সভাপতি আহমেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে তিনি ঘটনাটি শুনেছেন। চিনতে না পারায় ভুল বোঝাবুঝি হয়েছে। দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমি রাতে ওই ঘটনা শুনেছি। তবে এটি আমার দায়িত্বের মধ্যে নয়।
শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব কার জিজ্ঞিস করলে তিনি বলেন, “কেউ আমার কাছে লিখিত অভিযোগ দিলে সেটা খতিয়ে দেখি।”
মতিহার থানার ওসি সানাউল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকাল সাড়ে ১০টা পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে বিষয়টি দেখা হবে।
এদিকে পৃথক বিবৃতিতে আরিফের উপর হামলার নিন্দা এবং জড়িতদের শাস্তি দাবি করেছেন ছাত্র ইউনিয়নের সভাপতি শিপন আহমেদ এবং ছাত্র ফেডরেশনের সভাপতি উৎসব মোসাদ্দেক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৪৮ ঘ.
bdnews24