ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর ডাকা হরতালে রাজধানীর মিরপুরে আনসারক্যাম্প এলাকায় একটি বাসে আগুন ও তিনটি গাড়িতে ভাংচুর চালিয়েছে পিকেটাররা।
মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে টেকনিক্যাল-মিরপুর-১ সংযোগ সড়কের আনসারক্যাম্পের ডেল্টা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় চায়ের দোকানদার মুক্তা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হঠাৎ করে ১৫/১৬ জন হরতাল সমর্থক রাস্তায় এসে মিরপুর-গুলিস্তান রুটের নিউ ভিশন পরিবহনের একটি বাস থামায়। তারা ওই গাড়িতে প্রথমে ভাংচুর ও পরে আগুন ধরিয়ে দেয়।
এ সময় অন্য তিনটি গাড়িতেও ভাংচুর করে হরতালকারীরা।
প্রায় ১০ মিনিট তাণ্ডব চালানোর পর হামলাকারীরা পাশের গলিতে ঢুকে পড়ে বলে মুক্তা বেগম জানান।
এর পরপরই পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।
এর কিছুক্ষণ পর ওই সড়কে আবার যান চলাচল শুরু হয় বলে ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াজুল বাশার জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএইচ/জেকে/১১২৩ ঘ.
bdnews24