গাজীপুর, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক বরখাস্তের ঘটনায় অসন্তোষের জের ধরে গাজীপুরের সদর উপজেলার একটি তৈরি পোশাক কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার রাতে ভাওয়াল মির্জাপুরের কাঞ্জানুল এলাকার ‘রাগাডিয়া টেক্সটাইল’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয় বলে জানায় পুলিশ।
শিল্প পুলিশের ওসি মো. মহসীন সাংবাদিকদের জানান, ২৪ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে কারখানাটিতে কয়েক দিন ধরে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করে আসছিলেন।
সন্ধায় শ্রমিকরা কারখানার থেকে বের হয়ে মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় বলে জানান ওসি।
তিনি আরো জানান, পরে কর্তৃপক্ষ রাতে কারখানাটি বন্ধ করার নোটিশ মূল ফটকে টাঙ্গিয়ে দেয়।
কারখানার মানব সম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ জানান, শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় ২৪ শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়। কিছু শ্রমিক মারমুখী হয়ে কারখানা অশান্ত করার চেষ্টা করে।
আগে শ্রমিকরা দুপুরের খাবার ও প্রতি বছর ২-৩টি ইনক্রিমেন্ট দেয়ার দাবি করলেও পরে ২৪ শ্রমিকের ছাঁটাই প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামে। সহিংসতা এড়াতেই রাতে কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান লতিফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩২৯ ঘ.
bdnews24