ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা ও বিশ্ব দরবারে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে ৫-৬ ডিসেম্বর রাজধানীতে এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (ডিসিসিআই)।
রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘পজিশনিং বাংলাদেশ: ব্র্যান্ডিং ফর বিজনেস’ শীর্ষক এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহিম।
আসিফ ইব্রাহিম জানান, দেশের অর্থনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি, সরকারের নীতিনির্ধারক, সুশীল সমাজের প্রতিনিধি, বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধি ও আন্তর্জাতিক অঙ্গনের ব্র্যান্ড বিশেষজ্ঞসহ প্রায় পাঁচশ’ অতিথি সম্মেলনে অংশ নেবেন।
সম্মেলনে মোট ছয়টি অধিবেশন থাকবে। এতে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা বক্তব্য রাখবেন।
ডিসিসিআই সভাপতি আরো বলেন, “একটি দেশের ব্র্যান্ডিং বা পজিশনিং এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে দেশের যেসব নেতিবাচক দিক আছে তা ইতিবাচক দিকে নিয়ে যাওয়া। এজন্য একটি কার্যকর যোগাযোগ কৌশল হাতে নেওয়া দরকার।”
সম্মেলনের সহ-আয়োজক বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড), ক্যাটালিস্ট ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এইচএ/২১১৯ ঘ.
bdnews24