২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চেক ফেরতে সুরক্ষা পাবে অ্যাকাউন্টধারী’

চেকের মাধ্যমে অন্যের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে চেক ফেরত এলে অভিযুক্ত অ্যাকাউন্টধারীকে আইন অনুসারে প্রয়োজনীয় সুরক্ষা দিতে হবে বলে মত দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 12:24 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চেকের মাধ্যমে অন্যের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে চেক ফেরত এলে অভিযুক্ত অ্যাকাউন্টধারীকে আইন অনুসারে প্রয়োজনীয় সুরক্ষা দিতে হবে বলে মত দিয়েছে হাই কোর্ট। সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই পর্যবেক্ষণ দিয়ে এ সংক্রান্ত একটি রিট আবেদন নিষ্পত্তি করেছে। একইসঙ্গে হাই কোর্ট এ সংক্রান্ত বিষয়ে নিম্ন আদালতে বিচারাধীন মামলার কার্যক্রম পরিচালনার ওপর থেকেও স্থগিতাদেশ তুলে নিয়েছে। আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার এম আমীর উল ইসলাম। তাকে সহায়তা করেন শাহ মো. মুনীর শরিফ ও ব্যারিস্টার তাসমিয়া প্রধান। এই রিট আবেদনে পক্ষভুক্ত হওয়া মিসটিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক খালেদা চৌধুরীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, এ এফ হাসান আরিফ ও আব্দুল মতিন খসরু। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা শুনানি করেন। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার। এই রিট মামলায় আদালত অ্যামিকাস কিউরি হিসাবে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম ও ব্যারিস্টার রফিক উল হক, ড. এম জহির, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট এম আই ফারুকীর বক্তব্য শোনেন। মুনীর শরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট-১৮৮১ আইন ২০০০ সালে সংশোধিত হয়। ওই আইনের বিধান অনুসারে ঋণের বিপরীতে ইস্যু করা চেক ফেরত এলে তা শাস্তিযোগ্য ছিল। “কিন্তু ২০০০ সালের সংশোধনীর পর ঋণের শর্তটি তুলে দেয়া হয়। এর ফলে চেক ফেরত এলেই অ্যাকউন্টধারী ঝুঁকিতে পড়েন। এর ফলে একটি আইনগত জটিলতা তৈরি হয়। এ জটিলতায় চুরি হওয়া চেক ফেরত এলেও অ্যাকাউন্টধারীর শাস্তি হওয়ার দরজা খুলে যায়।” এই সংশোধন চ্যালেঞ্জ করে মিসটিক ইস্ট লিমিটেডের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম হাই কোর্টে রিট আবেদন করেন। আদালত ২০১১ সালের ১৪ নভেম্বর এ বিষয়ে একটি রুল জারি করে। তাতে সংশোধিত আইনের আইনের ২(ক)(অ) এবং (ও) কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানাতে সরকারকে বলা হয়। মুনীর শরিফ বলেন, “আজ আদালত ওই আবেদন নিষ্পত্তি করে দিয়েছে। পর্যবেক্ষণে আদালত বলেছে, চেক ফেরত এলে মূল আইনের ধারা ৪, ৬, ৮, ৯, ৪৩, ৫৮ ও ১১৮ ধারা অনুসারে অ্যাকাউন্টধারীকে সুরক্ষা দিতে হবে।” এই আইনে সর্বোচ্চ শাস্তি এক বছরের কারাদণ্ড এবং চেকের টাকার তিন গুণ জরিমানার বিধান রয়েছে বলে জানান তিনি। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিম্ন আদালতে এই ধরনের মামলায় আইনের অন্যান্য ধারায় বিদ্যমান সুযোগ অভিযুক্তকে দিতে হবে বলে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। সুরক্ষার প্রয়োজনীয় সুযোগ দিয়ে মামলা এগিয়ে নিতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮১৭ ঘ.