ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরিন ফ্যাশনসে আগুনে শতাধিক শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করা এবং কারখানা মালিকের গ্রেপ্তারসহ কয়েকটি দাবিতে বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ করেছে শ্রমিকদের একটি সংগঠন।
সোমবার সকালে রাজধানীর কারওরান বাজারে তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠনের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি।
সংগঠনের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেয়া, নিহতদের প্রকৃত সংখ্যা প্রকাশ, পোশাক কারখানার শ্রমিকদের গণহত্যা বন্ধ করা, আহতদের চিকিৎসার ব্যাবস্থা করা ইত্যাদি।
২১ নভেম্বর রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তাজরিন ফ্যাশনস ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১১০ জন শ্রমিকের মৃত্যু হয়।
কর্মসূচি চলাকালে এক সমাবেশে শ্রমিক সংহতির প্রধান সমন্বয়কারী মাহবুবুর রহমান ইসমাঈল বলেন, “দাবি আদায় না হলে আগামী ৫ ডিসেম্বর সারা দেশে একযোগে বিক্ষোভ এবং ১০ ডিসেম্বর রাজধানীর কলকারখানা পরিদর্শকের কার্যালয় ঘেরাও করা হবে।”
“এ ধরনের ঘটনাকে নাশকতা বলে প্রচার করা বিজিএমইএর কৌশল। তাজরিনের ঘটনার পরে আরেকটি কারখানা থেকে সাজানো নাটকের অংশ হিসেবে সিসিটিভি দেখে সুমি ও জাকির নামের দুজনকে গ্রেফতার করা হলো। আমার প্রশ্ন হলো তাজরিনের সিসিটিভি ফুটেজ কোথায়?”
তাজরিনের ঘটনাকে নাশকতা বলে সরকার বা বিজিএমইএ এর দায় এড়াতে পারে না উল্লেখ করে তিনি বলেন, “কারখানা পুড়ে শ্রমিক মরলে ইন্সুরেন্সের টাকা মালিকের পকেটেই যায়।”
এ সময় শ্রমিক নেত্রী তাসলিমা আখতার লিমা বলেন, “একটি কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার পরেও কিভাবে তা ছাড়পত্র পেলো? এর দায় সরকার এবং মালিকপক্ষকেই নিতে হবে।”
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা বাহারানে সুলতান বাহার, হারুন অর রশিদ, শবনম হাফিজ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৬১৫ ঘ.
bdnews24