২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে কারখানায় আগুন আতঙ্কে হুড়োহুড়ি

আগুন আতঙ্কে সাভারের একটি পোশাক কারখানা থেকে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে প্রায় ১০ জন শ্রমিক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 05:34 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

সাভার, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগুন আতঙ্কে সাভারের একটি পোশাক কারখানা থেকে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে প্রায় ১০ জন শ্রমিক আহত হয়েছে। সোমবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় প্যাসিফিক ব্লু জিনস অয়্যার লিমিটেডে এ ঘটনায় আহত দশজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে শিল্প পুলিশ। শিল্প পুলিশের সাভার জোনের পরির্দশক আবদুল বাতেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাভার বাজার বাসস্ট্যান্ডে রাজ্জাক প্লাজার চতুর্থ তলায় আল মুসলিম গ্রুপের এই কারখানায় সকাল সোয়া নয়টার দিকে একটি মেশিনের শর্টসার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে সাভার ফায়ার ব্রিগেডের দুটি ইউনিট কারখানায় যাওয়ার আগেই কর্তৃপক্ষ আগুন নিভিয়ে ফেলে। ফায়ার এলার্ম বেজে উঠলে কারখানার শ্রমিকরা হুড়োহুড়ি করে নামতে গেলে ১০ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত দুলেনা বেগমকে সাভার সুপার ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ দুপুর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসে আগুনে শতাধিক শ্রমিকের মৃত্যুর পর থেকে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আগুন আতঙ্কে ভুগছে শ্রমিকরা। গত কয়েকদিনে আতঙ্কে হুড়োহুড়ির কয়েকটি ঘটনা ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১১৩০ ঘ.