ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালনে দাপ্তরিক প্রজ্ঞাপন জারি করতে কেন নির্দেশ দেয়া হবে না, সরকারকে তা জানাতে বলেছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে রোববার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এই রুল জারি করে।
একই সঙ্গে প্রতিবছর ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালনে কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তাও জানতে চায় আদালত।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, যোগাযোগ সচিব ও বিটিআরসির চেয়ারম্যানকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন সকালে এই রিট আবেদন দায়ের করেন। আদালতে তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
এই আইনজীবী বলেন, ২০০২ সালের ১৬ নভেম্বর জাতীয় নিরাপদ সড়ক কাউন্সিল ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালনে সিদ্ধান্ত হয়। ২২ অক্টোবর দিনও ধার্য হয়।
“পরে ২০১১ সালের ২৩ অগাস্ট আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ওই দিবস পালনে সুপারিশ করা হয়। এতে একই বছর প্রধানমন্ত্রীও অনুমোদন দেন। এরপরও দিবসটি উদযাপনে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।”
বর্তমানে এই দিবসটি বিভিন্ন আঙ্গিকে পালিত হলেও প্রজ্ঞাপন না থাকায় সবাই পালন করছে না এবং এতে যথাযথ জাতীয় গুরুত্ব আরোপিত হচ্ছে না বলে এই রিট আবেদনের পক্ষে যুক্তি দেখান মনজিল মোরসেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/০০৫৮ ঘ.
bdnews24