রাঙামাটি, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ১৫ বছর পূর্তিতে পক্ষের ও বিপক্ষের সংগঠনগুলো রোববার বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
রাঙামাটি শহরের জিমনেসিয়াম চত্বরে চুক্তির পক্ষের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এবং পৌর মিলনায়তনে বিপক্ষের সমঅধিকার আন্দোলনসহ কয়েকটি সংগঠন সমাবেশ করেছে।
এছাড়া জেলা আওয়ামী লীগ সংগঠনের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে।
পাহাড়ে দু’দশকেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের প্রেক্ষাপটে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
তবে শুরু থেকেই চুক্তির বিরোধিতা করে আসছিল পাহাড়ের কয়েকটি সংগঠন। অপরদিকে পিসিজেএসএস চুক্তির পরিপূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি বলে অভিযোগ করে আসছে।
‘প্রতিশ্র“তি নয়, চুক্তির প্রকৃত বাস্তবায়ন চাই’ ম্লোগানে পিসিজেএসএস শহরের জিমনেসিয়াম চত্বরে গণসমাবেশ করে।
জনসংহতি সমিতির জেলা শাখার সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য উষাতন তালুকদার, পিসিজেএসএস এর সাধারণ সম্পাদক প্রণতি বিকাশ চাকমা, কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক শাহ আলম, আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলা শাখা সভাপতি সুর্নিমল দেওয়ান ও পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতা রনন জয় চাকমা প্রমুখ।
সমাবেশে বক্তারা চুক্তি পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, না হলে পাহাড়িদেরকে আবারো কঠোর আন্দোলনে যেতে হবে।
সমাবেশ শেষে একটি মিছিল জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আওয়ামী লীগের উদ্যোগে জেলা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।
এতে বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, চিংকিউ রোয়াজা, সাধারণ সম্পাদক হাজী কামাল উদ্দীন প্রমুখ।
এদিকে পার্বত্য চুক্তিকে ‘কালো চুক্তি’ অখ্যায়িত করে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, সম অধিকার ছাত্র আন্দোলন ও বাঙালি ছাত্র পরিষদের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল, সমাবেশ হয়। এছাড়া প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেয়া হয়।
এ সমাবেশ থেকে নেতারা চুক্তি বাতিলের দাবি জানান তারা।
রাঙামাটি পৌরসভা মিলনায়তনে বিক্ষোভ সমাবেশে সম-অধিকার নেতা জাহাঙ্গীর কামাল, এয়াকুব আলী চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৪৬ ঘ.
bdnews24