২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লাইওভার ধস সময় গড়ালেও শুরু হয়নি তদন্ত

তদন্ত কমিটিকে সাত কার্যদিবস সময় দেয়া হলেও চার কার্যদিবসেও পূর্ণাঙ্গ হয়নি কমিটি, ফলে শুরু হয়নি কাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 02:07 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত কার্যদিবসের মধ্যে ফ্লাইওভার ধসের তদন্ত শেষ করতে বলা হলেও চার দিন পরও তা শুরু করতে পারেনি সিডিএ গঠিত কমিটি। বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসের দুদিন পর ২৬ নভেম্বর এই প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) তদন্ত কমিটি গঠন করে। কমিটি গঠনের চার কার্যদিবস পর রোববার যোগাযোগ করা হলে জানা যায়, তদন্ত এখনো শুরু হয়নি। কমিটির প্রধান ও সিডিএ’র প্রধান প্রকৌশলী নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিটি পূর্ণাঙ্গ না হওয়াসহ বিভিন্ন কারণে কাজ শুরু করা যায়নি।” এই কমিটিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন, এলজিইডির একজন এবং সড়ক ও জনপথ বিভাগের একজন প্রতিনিধি রাখা হয়। নাসিরউদ্দিন বলেন, “চুয়েটের মনোনীত প্রতিনিধি নির্ধারিত হয়েছে। অন্য দুই বিভাগ থেকে দুই সদস্যের নাম পেলে কমিটির কাজ শুরু হবে।” সময় সাতদিন দেয়া হলেও তা বাড়বে বলে জানান তিনি। গত ২৪ নভেম্বর রাতে বহদ্দারহাটে ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়ে ১৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এই ধস তদন্তে সিডিএ’র বাইরে পূর্ত মন্ত্রণালয় একটি এবং জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি করেছে। কয়েকমাস আগেও এই ফ্লাইওভারের একটি গার্ডার ধসে পড়ে একজন আহত হয়। অভিযোগ রয়েছে, সিডিএ’র তদারকির অভাবে এই দুর্ঘটনাগুলো ঘটছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২০০১ ঘ.